২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়ালের মাংস বিক্রির ঘোষণা ফেইসবুকে, থানায় অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে শিয়ালের মাংস বিক্রির জন্য ফেইসবুকে ঘোষণা দিয়েছেন এক যুবক।

কুমিল্লা প্রতিনিধি

আবদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 08:19 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

উপজেলার কাজিয়াতলের বৃহস্পতিবারের এ ঘটনাটি জানাজানি হয়েছে সোমবার।  

ঘটনার দুদিন পর [শনিবার] বন বিভাগের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মুরাদনগর থানার ওসি আবুল হাশিম জানান, অভিযোগে কাজিয়াতল এলাকার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম ও মো. শফিকুল ইসলামকে আসামি করা হয়েছে।

অভিযোগের বরাতে ওসি আবুল হাশিম বলেন, গত বৃহস্পতিবার ফেইসবুকে ঘোষণা দিয়ে শিয়ালের মাংস বিক্রি করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

“দুদিন পর [শনিবার] উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি ওইদিনই সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে। তবে এটি এখন মামলায় রূপান্তরিত হবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তবে এখনও কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, বৃহস্পতিবার উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন স্থানীয় কয়েকজন যুবক।

“তাদের মধ্যে শফিকুল ইসলাম নামে একজন ক্রেতাদের উদ্দেশে তার ফেইসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ মোবাইল নম্বর দিয়েছেন। পরে আমরা ওই নম্বরে যোগাযোগ করলে তিনি ‘শিয়ালের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলে আপনাকে দেওয়া যাবে’ বলে জানান।”

আবদুল মতিন আরও বলেন, “আমরা এলাকায় খোঁজ নিয়ে জানতে পারি ফাঁদ পেতে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা প্রথমে শেয়াল ধরে। এরপর জবাই করে নানা রোগের ওষুধ হিসেবে প্রচারণা চালিয়ে ওই মাংস বিক্রি করে। এগুলো আইনবিরোধী কাজ। তাই থানায় অভিযোগ দিয়েছি।”

মুরাদনগর ইউএনও অভিষেক দাশ বলেন, “বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত অপরাধ। ফেইসবুকে বেশ কয়েকটি ছবি আমরা পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।”