গাজীপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার পাবনায়
‘বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায়’ গাজীপুরে কলেজছাত্রী ছুরিকাহত হওয়ার দুই দিন পর পাবনায় এক যুবক গ্রেপ্তার হয়েছেন।
শনিবার রাতে পাবনার ঈশরদী উপজেলার কলিকাপুর থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. মামুন (২৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
ছুরিকাহত কলেজছাত্রী (১৮) একই ইউনিয়নের বরমী বেপারী পাড়া বালুঘাটের বাসিন্দা। তিনি বরমী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
র্যাব-১ এর (গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের) কোম্পানি কমান্ডার এএসএম মাঈদুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর তারা ছায়া তদন্ত শুরু করেন। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাবনার ঈশরদীর কলিকাপুর থেকে র্যাব-১২-এর সহযোগিতায় মামুনকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মামুনকে আসামি করা হয়েছে।
ওই কলেজ ছাত্রী মার্জিয়া সাংবাদিকদের বলেন, মামুন প্রায়ই তাকে কলেজে যাওয়া-আসার সময় রাস্তায় উত্ত্যক্ত করত। মাস খানেক আগে মামুন তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে তার বাবা প্রত্যাখান করেন।
তিনি বলেন, এর জেরে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে কলেজ ছুটির পর বাড়ি ফেরার সময় বরমী বালু ঘাট এলাকায় মামুন হঠাৎ এসে তার গতিরোধ করেন। এরপর মামুন তাকে ছুরিকাঘাত করেন। প্রথম আঘাতটি হাত দিয়ে আত্মরক্ষা করতে পারলেও দ্বিতীয় আঘাতটি বুকে ও তৃতীয় আঘাতটি পেটে লাগে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বরমী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান বলেন, বৃহস্পতিবার কলেজ ছুটির পর এ ঘটনা ঘটে।
