মাগুরায় পৃথক সড়কে ২ মটরসাইকেল আরোহী নিহত
মাগুরায় পৃথক সড়কে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাসেম আলীর ছেলে বায়েজিদ হোসেন (৩২) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ঘাগা গ্রামের নবাব আলীর ছেলে আমিন শেখ (৩৫)।
শনিবার বেলা ১২টার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা সাতমাইল এলাকায় ও বেলা সাড়ে ১২টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া বাজারে তারা নিহত হন বলে পুলিশ জানায়।
মাগুরা থানার ওসি নাসির উদ্দিন বলেন, বেলা ১২টার দিকে মটরসাইকেলে করে বায়েজিদ মাগুরা শহর থেকে জাগলার দিকে যাচ্ছিলেন। পথে জাগলা সাতমাইল এলাকায় যশোর থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস মটরসাইকেলকে ধাক্কা দিলে বায়েজিদ আহত হন। স্থানীয়রা তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে বেলা সাড়ে ১২টার দিকে আল আমিন তার ভাতিজা আরিফ হুসাইনকে নিয়ে নড়াইল থেকে মটরসাইকেলে করে মাগুরায় আত্মীয় বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
ওসি নাসির বলেন, মহম্মদপুর উপজেলার বেথুলিয়া বাজারে একটি বাসের সঙ্গে তাদের মটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসার সময় আল আমিন শেখের মৃত্যু হয়।
আহত হুসাইনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
