গোপালগঞ্জে রক্তের গ্রুপ পরীক্ষায় ২ রকম প্রতিবেদন, স্বজনদের ভোগান্তি
গোপালগঞ্জে এক ডায়াগনস্টিক সেন্টার চার ঘণ্টার ব্যবধানে রক্তের গ্রুপ পরীক্ষায় দুই রকম প্রতিবেদন দিয়েছে।
জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্টান্ড এলাকার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এই ভুলে রোগী ও তার স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গীপাড়া গ্রামের ইসলাম মোল্লা অভিযোগ বলেন, তার ২০ বছর বয়সী স্ত্রীর গর্ভপাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক রক্তের গ্রুপ পরীক্ষা করে রক্ত যোগাড় করতে বলেন।
বুধবার বেলা ৩টায় তিনি ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে রক্ত পরীক্ষা করাতে দেন।
ইসলাম বলেন, “তখন তার রক্তের গ্রুপ ‘বি’ পজিটিভ আসে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধা ৭টায় দুইজন রক্ত দিতে আসেন। তখন ক্রস ম্যাচিংয়ের সময় স্ত্রীর রক্তের গ্রুপ আসে ‘এ’ পজিটিভ।”
এতে তাদের সময় নষ্ট হয় এবং নতুন করে রক্তের সন্ধানে যেতে হয় বলে তিনি জানান।
ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কবির শেখ অভিযোগ সত্য বলে স্বীকার বরেছেন।
তিনি বলেন, “হয়তো ক্রস ম্যাচিংয়ের সময় তাড়াহুড়োয় অন্য রোগীর সঙ্গে রক্তের পরিবর্তন হয়েছে। তাই এ রকম ভুল হয়েছে। পরবর্তীতে আমরা বিষয়টি মিটিয়ে ফেলেছি।”
এমন ঘটনা ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।
তিনি বলেন, “এই ভুলের জন্য প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। যিনি পরীক্ষা করেছেন তিনি সনদপ্রাপ্ত কিনা সেটা যাচাই করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
