২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জাকির হত্যায় দলিল লেখক গ্রেপ্তার

খুলনার দলিল লেখক জাকির হোসেন হত্যা মামলায় আরেক দলিল লেখক গ্রেপ্তার হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 12:17 AM

Updated : 02 Aug 2022, 03:05 PM

সোমবার রাতে খুলনা নগরের বয়রা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার বাহাউদ্দিন খন্দকার নগরের ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক; তিনিও দলিল লেখক এবং রায়েরমহল বাউন্ডারি রোডের বাসিন্দা। 

মঙ্গলবার বিকালে পিবিআই খুলনা কার্যালয়ে পিবিআই-এর পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার রাত ৯টায় খুলনা নগরের বয়রা থেকে বাহাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসপি মুশফিকুর বলেন, জেলা দলিল লেখক সমিতির কমিটি এবং এক নারীকে নিয়ে তার সঙ্গে জাকিরের বিরোধ ছিল। এ সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।

“এ ছাড়া গত সোমবার রাতে নগরের রায়েরমহল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাজু শেখ নামে এক যুবক নিহত হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে বাহাউদ্দিনের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করছে পিবিআই। তাকে এই হত্যাকাণ্ড সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে।”

জাকির হোসেন হত্যা মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২০ মে নগরের কেসিসি মার্কেটের সামনে দলিল লেখক জাকির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী জামেলা বেগম বাদী হয়ে ২২মে খুলনা সদর থানায় মামলা করেছিলেন।

জেলা দলিল লেখক সমিতি ও নারী সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাহাউদ্দিন স্বীকার করেছেন, বলেন এসপি মুশফিকুর।