২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে মিলবে সুন্দরবন ভ্রমণের টিকেট

সুন্দরবনে ভ্রমণের জন্য এখন অনলাইনে টিকেট কিনতে পারবেন দর্শনার্থীরা। এর জন্য সুন্দরবন বিভাগ ওয়েবসাইট ও অ্যাপস চালু করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 12:31 AM

Updated : 28 Apr 2022, 11:48 PM

রোববার সুন্দরবন পশ্চিম বিভাগ কার্যালয়ে এ অ্যাপস ও ওয়েবসাইট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে জানান সুন্দরবন পশ্চিম বিভাগের কর্মকর্তা আবু নাসের মো. মোহসিন হোসেন।

এতে সুন্দরবন ভ্রমণ ‘সহজ হবে’ উল্লেখ করে তিনি বলেন, ওয়েবসাইটে সুন্দরবনের দর্শনীয় স্থানগুলোর পরিচিতি ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। এতে একজন দর্শনার্থী কোথায় কতটুকু সময় অবস্থান করতে পারবেন এবং সেখানে দেখার মতো বিষয়গুলো আগে থেকেই জেনে নিতে পারবেন।

এ বন কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনে একদিনের সফরের জন্য করমজল, গলাগাছিয়া, দোবেকি ও হারবাড়িয়ার মতো জায়গাগুলোতে দর্শনার্থীরা কখন প্রবেশ ও বের হতে পারবেন তার সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়েছে। রাত্রি অবস্থানকালীন ট্যুরের জন্য নির্দেশনা এবং সুন্দরবন বিভাগের নিবন্ধনকৃত ট্যুর অপারেটরদের পরিচিতি উল্লেখ করা হয়েছে।