২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চরিত্র নিয়ে কটূক্তি’, খাদ্য বিভাগের নারী কর্মীর ‘আত্মহত্যা’

’চরিত্র নিয়ে কটূক্তি’ করায় মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের এক নারী কর্মী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 10:15 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শনিবার রাতে পৌর শহরের সরদার কলোনির ভাড়া বাসা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সদর থানার ওসি কামরুল হাসান মিঞা জানান।

তিনি জেলা খাদ্য বিভাগে নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের এই কর্মীর সঙ্গে কামাল হোসেন নামে এক যুবকের সম্পর্ক রয়েছে এমন অভিযোগে ঢাকা বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকের কাছে দরখাস্ত দেন ওই যুবকের স্ত্রী নারগিস আক্তার সীমা।

অভিযোগ জানানোর পরই জেলা খাদ্য বিভাগ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে ওসি জানান।

ওসি বলেন, চরমুগরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিনকে প্রধান করে মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান অফিস সহকারী আব্দুর রাজ্জাক, উপ-খাদ্য পরিদর্শক শিপন মিয়াকে সদস্য করা হয়।

”এরপর এই নারীকে নারায়ণগঞ্জে বদলি করা হয়। এছাড়া নারগিস আক্তারসহ এক নারী শনিবার রাতে তার বাসায় গিয়ে তার চরিত্র নিয়ে কটূক্তি করেন। অপমান সহ্য করতে না পেরে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”

রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে সদর থানা পুলিশ, বলেন ওসি কামরুল।

এ বিষয়ে মাদারীপুর খাদ্য অধিদপ্তরের উপ-পরিদর্শক শিপন মিয়া বলেন, “রাতে কামাল হোসেনের স্ত্রী নারগিস আক্তার গিয়ে ওই নারীকে গালাগাল করার কারণেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”

মৃত নারীর স্বামী সাংবাদিকদের বলেন, ”শুধু শুধু তো আত্মহত্যা করেনি। কোনো কারণেই সে আত্মহত্যা করেছে। পুলিশ যেন তদন্ত করে সঠিক বিচার করে, আমি সেটাই দাবি করছি।”

ওসি কামরুল হাসান জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্তে আত্মহত্যার কারণ উঠে আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।