সাগরে ময়লা ফেলে জরিমানা দিল ৩ জাহাজ
‘সাগরে ময়লা ফেলার’ অভিযোগে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলকারী তিনটি জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিন জেটিঘাটে এই অভিযান চালানো হয় বলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান।
এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল নামের তিনটি জাহাজের প্রতিটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট নওরীন বলেন, দুপুরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলকারী এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল সেন্টমার্টিন জেটিঘাটে নোঙর থাকা অবস্থায় রান্নাঘর থেকে ময়লা-আবর্জনা সাগরে ফেলা হচ্ছে – এমন তথ্য আসে ভ্রাম্যমাণ আদালতের কাছে।
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জাহাজগুলোকে জরিমানা করা হয়, বলেন তিনি।
“অভিযানে পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা ও সংকটাপন্ন এলাকা ২০১৬ এর বিধিমালা লঙ্ঘিত হওয়ায় প্রতিটি জাহাজ থেকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”
জাহাজগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিবেশ আইন মানার ব্যাপারে সতর্ক করা হয়েছে বলে জানান ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সেন্টমার্টিনে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সুপারিশকৃত ১৩ দফা বাস্তবায়নে প্রশাসনের সংশ্লিষ্টরা জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক।
সম্প্রতি কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন রক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বীপের পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষা, ইকো ট্যুরিজম উন্নয়নে কর্মপরিকল্পনাসহ ১৩টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
