রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে ২ জনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুইজন মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি সকালে এক প্রতিবেদনে জানান, উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন তারা। মারা যাওয়া দুই নারী পাবনা জেলার বাসিন্দা। একজনের বয়স ৬১ বছরের ওপরে, অন্যজনের ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে ভর্তি হয়েছেন একজন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয় জন। ১৪৬ শয্যার কোভিড ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩১ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে আটজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। নমুনা পরীক্ষার অনুপাতে করোনাভাইরাস শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ।
