২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক মাসের বেশি সময় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজলাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 03:57 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিভিন্ন বিভাগে সশরীরে ক্লাস শুরু হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ ইশফাকুল হোসেন জানান।

তিনি বলেন, পূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী করোনাভাইরাসের সরকারি বিধিনিষেধ উঠে গেলে সশরীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল। যেহেতু নতুন করে সরকার কোনো বিধিনিষেধ দেয়নি। তাই মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের রুটিন অনুযায়ী সব পর্যায়ের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হয়েছে।"

এর আগে করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৪ দিন পর ৩১ মার্চ থেকে অনলাইনে কার্যক্রম শুরু করা হয়।

মহামারীর প্রাদুর্ভাবের ফলে বিশ্ববিদ্যালয়টি দেড় বছরের অধিক সময় বন্ধ থাকলেও ক্লাস ও পরীক্ষা চলমান ছিল।

২০২১ সালের ২ নভেম্বর সশরীরে ক্লাস শুরু হয়। তবে বন্ধের সময় অনলাইন ক্লাসের মাধ্যমে দুটি সেমিস্টারের ক্লাস ও ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়।

এরপর বছরের শুরুতে আন্দোলনের মুখে একমাস বন্ধ থাকার পর রোববার সিন্ডিকেটের বৈঠকে মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস শুরু করতে পারবে’ বলে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশেই কয়েকটি বিভাগ ১৫ ফেব্রুয়ারি থেকে অনলাইন ক্লাস শুরু করে।

আগের রুটিন অনুযায়ী বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ক্লাস করছেন বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজের বিভাগের প্রধান অধ্যাপক জায়েদা শারমিন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দীকা বলেন, শিক্ষার্থীদের টিকা গ্রহণ নিশ্চিত করেই ক্লাসগুলোতে উপস্থিত হতে দেওয়া হচ্ছে সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

এদিকে দীর্ঘ ৩৬ দিন বন্ধ থাকার পর ক্লাস ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও।

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আরমান হোসাইন বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। প্রায় মাসখানেক অশান্ত শাবিতে উত্তাপ কাটিয়ে সিনিয়র, সহপাঠী ও জুনিয়দরদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আর কোনো ধরনের সমস্যা যাতে না হয় প্রশাসন সতর্কতা অবলম্বন করবেন বলে আশা করি।”

একই সেশনের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, "সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে তাই ভালো লাগছে। সেশনজটের সম্ভাবনা যেটা ছিল ওটা কমে গেছে। আশা করি এ বছর অনার্স শেষ করে বের হয়ে যেতে পারব।”

দ্রুত ক্লাস কার্যক্রম শুরু করায় প্রশাসনকে ধন্যবাদ জানাইয়ে আরেক শিক্ষার্থী তাহেরা বিনতে হুমায়রা বলেন, “বিগত দিনে আমাদের যে সময়টা ক্ষেপণ হয়েছে তা কিভাবে কাটিয়ে ওঠা যায় সে প্রচেষ্টা থাকবে।”

আর পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আবেদীনের আশা, বর্তমান উপাচার্যের কারণে শিক্ষাজীবনে যে স্থবিরতা নেমে এসেছে দ্রুত তার অবসান ঘটবে।

তিনি বলেন, “আমরা শিক্ষামন্ত্রীর অনুরোধে তার প্রতি শ্রদ্ধা রেখে আপাতত ক্লাসে ফিরেছি। এতদিন পর ক্লাসে ফিরতে পেরে স্বভাবতই আমরা আনন্দিত। একই সাথে আমরা আশা করি আমাদের সমস্ত দাবির দ্রুত বাস্তবায়ন ঘটবে এবং বিশেষ করে উপচার্যকে দ্রুত অপসারণ করে মহামান্য আচার্য শিক্ষার্থীদের সাথে যে অন্যায় হয়েছে তার ন্যায়বিচার নিশ্চিত করবেন।"

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলা হয়।

পুলিশি হামলার পর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন; এক পর্যায়ে তারা আমরণ অনশনে যান।

সাতদিন পর সেই অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক। এরপর শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের আন্দোলন চালিয়ে যান আরও ১৪ দিন।

পরে ১১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের দাবি দাওয়া ব্যাপারে তাদের সঙ্গে কথা বলেন। দাবির ব্যাপারে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে আশ্বাস্ত করেন। এরপর ১২ ফেব্রুয়ারি আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

পুরনো খবর:

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো 'অনলাইন ক্লাস'