২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: রাজশাহী মেডিকেলে একদিনে ৪ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 01:38 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

এদের মধ্যে করোনাভাইরাসে মারা গেছেন একজন। বাকি তিনজনের উপসর্গ ছিল বলে সোমবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃতদের এদের একজনের বাড়ি নাটোরে। দুইজন নওগাঁর এবং আরেকজনের রাজশাহীতে।

শামীম বলেন, মৃতদের মধ্যে হাসপাতালের আইসিইউতে দুইজন ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুইজন ভর্তি ছিলেন। এদের ৩ জন নারী এবং একজন পুরুষ। একজনের বয়স ৬১ বছরের ওপরে। দুইজনের বয়স ৪১ থেকে ৫০ এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

“তাদের কারো কোভিডের টিকা নেওয়া ছিল না।”

এদিকে গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে দুইজন ভর্তি হয়েছেন জানিয়ে পরিচালক বলেন, একই সময় সুস্থ হয়ে পাঁচজন রোগী হাসপাতাল ছেড়েছেন। সোমবার সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৩৮ জন। এদের মধ্যে আক্রান্ত ১২ জন এবং উপসর্গ রয়েছেন ২১ জনের। পরীক্ষার পর কোভিড ধরা পড়েনি পাঁচজনের।

রোববার রাজশাহী হাসপাতাল ল্যাবে জেলার ১৭২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে সংক্রমণ ধরা পড়েছে ১৩ জনের। একই দিনে মেডিকেল কলেজ ল্যাবে জেলার ২০৭ নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।

নমুনা পরীক্ষার অনুপাতে জেলায় কোভিড শনাক্তের হার ৬ দশমিক ৭ শতাংশ বলে জানান শামীম।