২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৪০ সংগ্রামী নারীকে জয়িতা সম্মাননা প্রদান

রাজশাহীতে সমাজ উন্নয়নে অবদান রাখায় ৪০ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 12:24 AM

Updated : 28 Apr 2022, 11:42 PM

রাজশাহীতে সমাজ উন্নয়নে অবদান রাখায় ৪০ জন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমিতে রোববার দুপুরে বিভাগের আট জেলার ৪০ জনকে এ সম্মাননা দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়।

এদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ১০ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়; বাকি সবাইকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বিশেষ সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জের সানজিদা আক্তার শিমু, ফরিদা পারভীন, লাভলী পারভীন, চাঁপাইনবাবগঞ্জের রোজিনা আনোয়ার, রাজশাহীর ড. হোসনে আরা আরজু, জয়পুরহাটের রোজিনা খাতুন, বগুড়ার বুলবুলি রানী বর্মন, ফৌজিয়া হক বীথি, নওগাঁর রাহেনা ইসলাম ও পাবনার কামরুন নাহার।

মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ অনুষ্ঠান আয়োজন করেছে।

শিক্ষা, চাকরি, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা, সফল জননী নারী ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচটি ক্যাটাগরিতে প্রতিটি জেলার পাঁচজন করে ৪০ জনকে এই জয়িতা পুরস্কার দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল, বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহীনা আকতার রেনী অনুষ্ঠানে অংশ নেন।