২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ অন্তত দশজন দগ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 07:47 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

রোববার দুপুরে আলীগঞ্জের বেপারীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান।

আহতদের মধ্যে সাত জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, আলীগঞ্জের বেপারীবাড়ি এলাকার জজ মিয়ার বাড়ির সামনে ট্রাক চালক আব্দুল বাতেন গাড়ির একটি বড় সিলিন্ডার মেরামত করতে সেটা থেকে গ্যাস বের করা হচ্ছিল।

“সেখানে হঠাৎ করে সিগারেটের আগুন জালালে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আব্দুল বাতেনসহ সেখানে উপস্থিত ও আশপাশের ১০ জন দগ্ধ হন।”

ওসি জানান, তাদেরকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দগ্ধদের মধ্যে সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকায় পাঠানো দগ্ধরা হলেন আলম (৪০), জজ মিয়া (৫০), সাথী (২০), আসমা (৪০), হাসিনা (৩৮), হাফসা (৬) ও তাহমিনা (১৫)। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ আলম ও জজ মিয়ার শরীরের ৮০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে। অন্য পাঁচ জনের মধ্যে আসমা বেগমের ৪১ শতাংশ ও হাসিনা বেগমের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা সংকটাপন্ন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বাস বা ট্রাকের একটি বড় সিলিন্ডার মেরামত করতে সেটা থেকে গ্যাস বের করার সময় সিগারেটের আগুন থেকে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত দশজন দগ্ধ হয়েছেন।

সিলিন্ডার থেকে বের হয়ে জমে থাকা গ্যাস থেকে আগুনে তারা দগ্ধ হন বলে আরেফিন জানান।