২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরে ‘৭৫টি স্প্লিন্টারের’ দুঃসহ যন্ত্রণায় শাবির সজল

উপাচার্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের ছোড়া শটগানের অন্তত ৭৫টি স্প্লিন্টার শরীরে নিয়ে দুঃসহ যন্ত্রণায় দিন পার করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল কুণ্ডু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 03:33 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

রোববার সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৬ জানুয়ারি আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি ছোড়ে। ওইদিন আমার শরীরে ৮৩টি স্প্লিন্টার বিদ্ধ হয়, যার মধ্যে আটটি স্প্লিন্টার বের করা হয়েছে।

“বাম পায়ে ১৩টি ও ডান পায়ে ছয়টি স্প্লিন্টার রয়েছে। ঢাকায় চিকিৎসকরা টানা তিন ঘণ্টা অস্ত্রোপচার করে ডান হাতে থাকা ৩৪টি স্প্লিন্টারের মধ্যে মাত্র চারটি বের করতে পেরেছেন। এর আগে সিলেটের চিকিৎসকরা শরীরের উপরের অংশে থাকা চারটি স্প্লিন্টার অপসারণ করেন। সব মিলিয়ে আরও ৭৫টি স্প্লিন্টার এখনও মাংসপেশীতে গেঁথে আছে।”

বর্তমান শারীরিক অবস্থা ভালো না জানিয়ে সজল বলেন, “এখনও ডান হাতে ব্যান্ডেজ লাগানো আছে। ক্র্যাচে করে বা অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। ডাক্তারের পরামর্শ হচ্ছে, বর্তমান অবস্থায় নড়াচড়া বেশি না করতে। আমার শরীরের স্প্লিন্টারগুলো নিয়েই জীবন পার করতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ডায়াবেটিকস, ব্লাড প্রেসারসহ বিভিন্ন রোগ আক্রমণ করবে। 

“এ ছাড়া ডাক্তার বলেছেন, শরীরে কোনোদিন এমআরআই করা যাবে না। এ পরীক্ষাটি চুম্বকীয় হওয়ার কারণে শরীরে ভিতরে থাকা স্প্লিন্টারগুলোতে আকর্ষণ করবে। এতে শরীরে সৃষ্টি হবে জটিলতা। চুম্বকের আকর্ষণে এগুলো বাইরে বের হতে চাইবে, এতে মাংসপেশীগুলোতে নানা জটিলতার সৃষ্টি হবে।“ 

সজল কুণ্ডু বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলায়। দুই ভাই-বোনের মধ্যে বোনের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে মা একাই থাকেন। তিনি গৃহশিক্ষকতা করেন। সেই আয় যথেষ্ট না হওয়ায় মাকে সহযোগিতা করতে হয়।

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষ থেকে সজল পড়ালেখার ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে চা-বিস্কুট, মিষ্টি বিক্রি, টিউশনি করে নিজের খরচ এবং মাকেও আর্থিকভাবে সহযোগিতা করতেন। এ ছাড়া আন্দোলনের দুমাস আগে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ক্যাফেটেরিয়ার তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি। 

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হলে সজলও তাতে জড়িয়ে পড়েন। আন্দোলনের একপর্যায়ে গত ১৬ জানুয়ারি দাবি আদায় করার জন্য উপাচার্য ফরিদ উদ্দিন আহমদকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা।

পরে পুলিশের হস্তক্ষেপে নিজ বাসভবনে নিরাপদে ফিরে যান ফরিদ উদ্দিন আহমেদ। অবরুদ্ধ ফরিদকে উদ্ধারকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা, শটগানের গুলি, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। আহত সহপাঠীদের উদ্ধারকাজ করার সময় এক ঝাঁক স্প্লিন্টারের আঘাতে সজল মাটিতে লুঠিয়ে পড়েন।

শনিবার সন্ধ্যায় সজলের সার্বিক শারীরিক অবস্থা ও বক্তব্য নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে সজল বলেন, “মারাত্মক আহত অবস্থায় প্রথমে কিছুদিন সিলেটে এবং ৩১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ দিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলাম।“

“হাতে একটি অস্ত্রোপচার হয়েছে, যাতে বাম হাতের গুরুত্বপূর্ণ স্নায়ুর আশপাশের স্পর্শকাতর অঞ্চল থেকে চারটি স্প্লিন্টার অপসারণ করা হয়েছে। কিন্তু এখনও মাথা, ঘাড়, বুক, পেট-পিঠ, হাত-পাসহ শরীরে বেশ কিছু স্থানে ৭৫টিরও বেশি স্প্লিন্টার রয়েছে। প্রাণঘাতী সংক্রমণের আশঙ্কা থাকায় চিকিৎসকরা আরও অস্ত্রোপচারের ঝুঁকি আপাতত নিচ্ছেন না।”

সজল জানান, তিনি হাসপাতাল থেকে ১৭ ফেব্রুয়ারি ছাড়পত্র পেয়ে সিলেট এসেছেন। তার আগের দিন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ তাকে ফোন করেন এবং ক্যাম্পাসে ফিরলে তার সঙ্গে দেখা করতে বলেন। শরীরটা একটু ভালো বোধ করলেই তিনি উপাচার্যের সঙ্গে দেখা করবেন বলেও জানান।

যেদিন শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটে এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন; এক পর্যায়ে তারা আমরণ অনশনে বসেন। ২৬ জানুয়ারি সেই অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক।

অনশন ভাঙলেও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার মধ্যে গত ১১ ফেব্রুয়ারি  শিক্ষামন্ত্রী দীপু মনি সিলেট গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। তাছাড়া তিনি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে দুঃখ প্রকাশ করতে বলেন। এর একদিনের মাথায় শনিবার দুপুরে উপাচার্য এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি ও লাঠিপেটার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত‘ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন।

পরদিন ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিক্ষার্থীরা তাদের প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সময় জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং সেই আলোচনায় আহতদের সুচিকিৎসার বিষয়টিও ছিল।

সেদিন সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী মুহাইমিনুল বাশার রাজ, সাব্বির আহমেদ, শাহরিয়ার আবেদীন, নাফিসা আনজুম, ইয়াছির সরকার, সুদীপ্ত ভাস্কর জানিয়েছিলেন, পুলিশের স্প্রিন্টারে আহত সজল কুণ্ডুসহ অনশনকারী সকল শিক্ষার্থীর সুচিকিৎসা চলমান আছে এবং থাকবে। এ ছাড়া মাননীয় মন্ত্রী সজল কুণ্ডুর শারীরিক অবস্থা বিবেচনায় তার চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন।

শনিবার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতেও সজল কুণ্ডু বিষয়টির উল্লেখ করে বলেন, “আমি জানতে পেরেছি, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় উত্থাপিত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আমাকে আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান, আমার ভবিষ্যতের সমস্ত চিকিৎসা খরচ সরকারের পক্ষ থেকে বহন ও আমাকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি ছিল।

“আমাকে চাকরি প্রদানের ব্যাপারে শিক্ষামন্ত্রী মৌখিক আশ্বাস দিলেও এখন পর্যন্ত আমার ভবিষ্যতের চিকিৎসা খরচ বহন ও এককালীন আর্থিক ক্ষতিপূরণের ব্যাপারে কোনো স্পষ্ট আশ্বাস পাইনি।"

সজল আরও বলেন, “আমার বাবা মৃত, অসুস্থ মা, আমার অসচ্ছল পরিবার। সম্প্রতি কিছু ঋণ করে আমি সামান্য ব্যবসা শুরু করেছিলাম, পড়াশোনা শেষ করে হয়তো কিছুদিনের মধ্যেই চাকরির চেষ্টা শুরু করতাম। স্বপ্ন ছিল আমার উপার্জনে পরিবারে সুদিন আসবে।”

ভবিষ্যত জীবনের কথা উল্লেখ করে সজল বলেন, “একটি দিনের ব্যবধানে যে আমার স্বপ্নগুলো এলোমেলো হয়ে গেল, সারা শরীরে অসংখ্য আঘাত ও স্প্লিন্টার নিয়ে অসহ্য শারীরিক যন্ত্রণায় সামনের বিপদসংকুল দিনগুলো কীভাবে কাটবে তার আশঙ্কায় এখন যে আমাকে দিনাতিপাত করতে হচ্ছে তার দায় কে নেবে?”

‘সত্য হচ্ছে, শরীরে থাকা স্প্লিন্টারগুলো’

গত ১২ ফেব্রুয়ারি আন্দোলন প্রত্যাহার করার দুদিন পর পালিত হয় বিশ্ববিদ্যালয় দিবস। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে টানা ২৭দিন পর প্রকাশ্যে আসেন উপাচার্য ফরিদ উদ্দিন এবং যোগ দেন বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রায়। 

শোভাযাত্রা শেষে উপাচার্য উপস্থিত সবার উদ্দেশে বলেন, "সত্যের জয় হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। এখানে যারা অন্যায় করবে তারা কোনো সময় পার পাবে না।”

দুদিন পর ১৬ ফেব্রুয়ারি আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের বক্তব্যকে  ‘নির্লজ্জ মিথ্যাচার’ ও ‘মনগড়া’ বলে নিন্দা জানানো হয়।

উপাচার্যের বক্তব্যে ক্ষুব্ধ সজল সহপাঠীদের বক্তব্যকে সমর্থন জানিয়ে বিবৃতিতে বলেন, “১৬ জানুয়ারি যে নারকীয় হামলা হয়েছে তার একজন ভুক্তভোগী শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই, আমার কাছে সত্য হচ্ছে আমার শরীরে এখনও বিঁধে থাকা স্প্লিন্টারগুলো, এতদিনের অসহ্য শারীরিক যন্ত্রণা, আমার আহত সতীর্থদের আর্তনাদ।”

শিক্ষামন্ত্রীর স্পষ্ট আশ্বাসের পরও দীর্ঘসূত্রতায় প্রচণ্ড হতাশ সজল আশা প্রকাশ করেন, সমস্ত দাবির ব্যাপারে অচিরেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

“মন্ত্রী বলেছিলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা দ্রুত প্রত্যাহার করা হবে এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের যে সমস্ত ব্যাংক ও অনলাইন লেনদেনের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল তা অচিরেই খুলে দেওয়া হবে।”

“আমাদের প্রত্যেকটি দাবি মেনে নিয়ে যে কারণে আমাদের জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছে তা থেকে আমাদের সবাইকে মুক্তি দেওয়া হোক”, যোগ করেন সজল।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনকারী শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তার বিষয়টি বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে এখনও চলমান রয়েছে। সেটি থাকবে।”

শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর ব্যাপারে জানতে চাইলে প্রক্টর বলেন, এটি তার দপ্তরের ব্যাপার নয়।

আরও খরব:

শাহজালালে ভিসির পদত্যাগ আন্দোলন প্রত্যাহার  

সুশাসনে ‘রোল মডেল’ শাহজালাল বিশ্ববিদ্যালয়: ভিসি ফরিদ  

উপাচার্যের বক্তব্যকে 'নির্লজ্জ মিথ্যাচার' বললেন শিক্ষার্থীরা  

শাবি উপাচার্য ফরিদের দুঃখপ্রকাশ  

শাবি উপাচার্যকে ‘দুঃখ প্রকাশ করতে বলেছেন’ শিক্ষামন্ত্রী  

শাবি উপাচার্যের পদত্যাগ আন্দোলন অব্যাহত