আওয়ামী লীগ নেতা হত্যা: জাসদ নেতা, ইউপি চেয়ারম্যান আসামি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুল ইসলাম মণ্ডল হত্যার ঘটনায় মামলা হয়েছে।
ঘটনার ৩০ ঘণ্টা পর শনিবার বিকাল ৪টায় নিহতের ভাই চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এনামূল হক মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ওসি মজিবর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেকোনো ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিবেন, পুলিশ তার ওপর ভিত্তি করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। মামলা হয়েছে, এখন পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”
“মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, তার সহোদর চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনকে প্রধান আসামি রেখে আরও ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ওসি বলেন, আসামিদের নাম-ঠিকানাসহ প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ এবং মুরুব্বিদের সঙ্গে আলাপ করে এজাহার দিতে দেরি হয়েছে।
মামলার বাদী এনামূল হক বলেন, “মামলা করতে একটু দেরি হয়েছে। পুলিশের কোনো গরিমশি ছিল না। আমরাই দরখাস্ত দিতে দেরি করেছি। মামলায় কাকে সাক্ষী করব সে বিষয়ের সিদ্ধান্ত, আহতদের হাসপাতালে চিকিৎসা, নিহতের লাশ দাফন-কাফনসহ আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে এবং আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তি ও নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই থানায় দরখাস্ত জমা দিতে কিছুটা দেরি হলো।
“ঘটনার পর থেকেই পুলিশের পক্ষ থেকে বার বার তাগিদ দেওয়া হচ্ছিল মামলা দেওয়ার জন্য। এখন মামলা দিয়েছি বাকি দায়িত্ব পুলিশের। কারা এ ঘটনায় জড়িত তা সব এজাহারেই দেওয়া আছে”, যোগ করেন বাদী।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চণ্ডীপুর পুঠিমারী বিলের চরে নজরুল ইসলাম মালিথা এবং ইউপি সদস্য এনামূল ইসলাম মণ্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে সিদ্দিকুল ইসলাম মণ্ডল নিহত হন।
সিদ্দিকুর (৫০) চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চরপাড়া গ্রামের ওমর মণ্ডলের ছেলে।
লাশ নিয়ে উপজেলা সদরে মিছিল
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে সিদ্দিকুল ইসলাম মণ্ডলের লাশ নিয়ে ভেড়ামারা উপজেলা শহরে মিছিল হয়। এতে এলাকাবাসী, পরিবারের সদস্যরা ছাড়াও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
এর পর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভেড়ামারা বাসস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতারা হত্যাকাণ্ডের জন্য জাসদকে দায়ী করে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
পরে সমাবেশে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চুনু, সাধারণ সম্পাদক সামীমুল ইসলাম ছানা, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবীর, নিহতের ভাই ইউপি সদস্য এনামূল মণ্ডল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য নিয়ে দুই পক্ষের বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব ছিল। সকালে পুঠিমারী বিলের চরে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন স্বাভাবিক রয়েছে। এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
স্থানীয়রা জানান, চরপাড়া গ্রামের নজরুল ইসলাম মালিথা জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত; অপরদিকে এনামূল ইসলাম মণ্ডল আওয়ামী লীগের অনুসারী। তিন-চার দিন আগে ইউপি সদস্য এনামূল মণ্ডলের সমর্থকরা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া জিকে খালে মাছ ধরতে যায়। তখন নজরুল মালিথার লোকজন তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়।
এ নিয়ে উত্তেজনার মধ্যে শুক্রবার সকালে এনামূল মণ্ডলের সমর্থকরা ফের সেখানে মাছ ধরতে গেলে দুপক্ষ তখন সংঘর্ষে ও গোলাগুলিতে জড়ায়।
