২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবলীগ কর্মীকে হত্যা

কুমিল্লার হোমনায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 08:20 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার আসাদপুর ইউনিয়নের পাঁচকুরিয়া-তেভাগিয়ায় এই হামলা হয় বলে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান।

নিহত সালাউদ্দিন জহির (২৬) আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের রেনু মিয়ার ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.শহিদুল্লাহর ভাতিজা।

জহির এলাকায় যুবলীগের রাজনীতি করতেন বলে মো. শহিদুল্লাহ জানান।

‘ইউপি নির্বাচন ঘিরে বিরোধের জেরে’ এ হত্যাকাণ্ড হয়েছে বলে নিহতের স্বজনরা বললেও এ ব্যাপারে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী ও নিহতের ঘনিষ্টদের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আসাদপুর ইউনিয়নের পাঁচকুরিয়া-তেভাগিয়া স্টিল ব্রিজের কাছে ৭/৮ জনের একটি দল তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জালাল উদ্দিন পাঠান আসাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন; আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান।

জহির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমানের পক্ষে কাজ করেছেন বলে শহীদুল্লাহ জানান।

শুক্রবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে ওসি বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি।