২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামনে ট্রাক, পেছন থেকে বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে চালকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় ট্রাকের পেছনে থাকা একটি অটোরিকশাকে বাস ধাক্কা দেওয়ার পর দুমড়ে-মুচড়ে প্রাণ গেছে চালকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 10:25 AM

Updated : 25 Oct 2022, 10:14 AM

উপজেলার শাহপুরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুংখালী এলাকার বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মনির আহমদ (৪২) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোঁয়াপালং এলাকার সাবেক ইউপি সদস্য মৃত আক্তার হোসেনের ছেলে।

আহতরা হলেন- উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া এলাকার মৃত আলম শাহ'র ছেলে ছৈয়দ কাশেম (৬০), একই ইউনিয়নের পাগলির বিল এলাকার ছৈয়দ হোসেনের ছেলে রবিউল আলম (২১) ও রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল হক (৪৫)। আহত দুজনের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক বলেন, “কক্সবাজারমুখী একটি ট্রাকের পেছনে থাকা অটোরিকশাকে একইমুখী একটি যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি ট্রাক ও বাসের চাপায় দুমড়ে মুচড়ে যায়।”

পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আর দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও বাস চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান বলেন, অটোরিকশা চালক মনির হাসপাতালে আনার আগেই মারা যান। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।"

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।