রাবিতে ‘পরীক্ষার প্রশ্ন’ ফেইসবুকে, তৈরিতেও অনিয়মের অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে; তাছাড়া একটি কোর্সের মডারেটেড প্রশ্নপত্র ফেইসবুকে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ইসতিয়াক হোসাইন গত ১১ ফেব্রুয়ারি ফেইসবুকে এটি পোস্ট করেন, যা তিনি স্বীকার করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা কমিটির সদস্যরা দুই সেট প্রশ্নপত্র তৈরি করেন। দুই সেট থেকে প্রশ্ন নিয়ে একটি সেট করা হয়। এই মডারেশন পদ্ধতিতে অনিয়মের বিষয়টি লক্ষ করে সবার সামনে তুলে ধরার জন্য মোবাইল ফোন দিয়ে ছবি তুলি।
“সেগুলো ভুলবশত ফেইসবুকে চলে যায়। এটা নিঃসন্দেহে আমার দায়িত্বহীনতার পরিচয় এবং একপ্রকার অন্যায়ও হয়ত। এর জন্য নিয়মতান্ত্রিকভাবে আমার যে বিচার হবে আমি মেনে নেব। একই সঙ্গে দিনের পর দিন চলতে থাকা অনিয়ম-দুর্নীতির বিচারও চাই।”
অনিয়ম-দুর্নীতি সম্পর্কে তিনি বলেন, “গত ৩০ জানুয়ারি সকালে এফএমএমসি-৬৪১ কোর্সের পাঁচ সদস্যের পরীক্ষা কমিটির মিটিং ছিল। আমি ডিন হওয়ায় অন্য কাজে ব্যস্ত ছিলাম। আসতে একটু দেরি হবে বলে অন্য সদস্যদের নিয়ে মডারেশন শুরু করতে বলি কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মণ্ডলকে। কিছুক্ষণ পরে এসে দেখি কেউই আসেননি এবং সভাপতি প্রশ্ন বের করে দাগ দিয়ে নির্বাচিত করে ফেলেছেন। অথচ অন্য সদস্যরা কেউই উপস্থিত ছিলেন না সেখানে।
“অন্য সদস্যদের বিষয়ে জিজ্ঞেস করলে সভাপতি মুস্তাফিজুর বলেন, ‘কাজ করতে করতে অন্যরা চলে আসবে।’ এক সময় তিনি বলেন, ‘অন্যদের স্বাক্ষর পরে বাসা থেকে নিয়ে নেওয়া হবে’।”
তবে পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, “এফএমএমসি-৬৪১ কোর্সের মডারেশন পদ্ধতিটি আমার একার কোনো সিদ্ধান্ত না। অন্য সকল সদস্যের উপস্থিতিতেই করা হয়েছে। আর কমিটির সদস্যদের দুই সেট প্রশ্ন আমার কাছে মনে হয়না যে হুবহ এক হয়েছে। একই কোর্সের পূর্ববর্তী সেমিস্টারের প্রশ্নগুলোর সঙ্গে কিছুটা মিলতেই পারে।”
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন সরকার ইতোমধ্যেই অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, “মিটিংয়ের উদ্যোগ নিয়েছি। সার্বিক বিষয় উপাচার্যকে জানানো হবে। এ ব্যাপারে ঠিক কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সেটা উপাচার্য ঠিক করবেন।”
এ বিষয়ে ফিশারিজ বিভাগের সভাপতি এম মনজুরুল আলম মন্তব্য করতে চাননি।
তিনি বলেন, “এটা একাডেমিক কমিটির সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ ঘটনা। আমার দেখার কোনো বিষয় না।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি না বলে তিনি দাবি করেছেন।
তিনি বলেন, “পরীক্ষার মডারেশন পদ্ধতিতে পরীক্ষা কমিটির সভাপতি ও অন্য সদস্যদের এ জাতীয় কর্মকাণ্ড নিঃসন্দেহে গুরুতর অপরাধ। এমনকি যিনি যে উদ্দেশেই এ প্রশ্ন ফেইসবুক দিয়ে থাকেন না কেন, সেটিও একটি অপরাধ। কেননা এটি খুবই গোপনীয় একটি বিষয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বুধবার বিষয়টি গণমাধ্যমে আসার পর আলোচনার জন্ম হয়। বৃহস্পতিবার বিকালে পরীক্ষা কমিটির সদস্যরা জরুরি মিটিং করে এই প্রশ্নপত্র বাতিল করেন। ওই পরীক্ষা স্থগিত ঘোষণাও করা হয়েছে।
