২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সিলিন্ডার বিস্ফোরণে’ মার্কেটে আগুন, শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে’ মার্কেটে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে; আহত হয়েছে শিশুসহ আরও দুইজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 09:55 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

নিহত হাসান মিয়া (১২) জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরেরকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

উপজেলা শহরের জামাল মার্কেটে বৃহস্পতিবার দুপুরে তারা হতাহত হন বলে বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ জানান।

তিনি বলেন, বেলা পৌনে ২টার দিকে মার্কেটের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

“আগুনে দগ্ধ দুই শিশুসহ তিনজন আহত হন। দগ্ধ দুই শিশুকে ঢাকায় নেওয়া পথে একজনের মৃত্যু হয়।”

তাছাড়া আগুনে মার্কেটের ১২টি দোকান পুড়ে গেছে বলে জানান ওসি রাজু আহমেদ।