২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে কভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের রামু উপজেলায় কভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন চারজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 10:20 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

বুধবার বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের খুনিয়াপালং ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা নজির আহমদ (৬২) ও ইমাম হোসেন (৩৪)। ইমাম হোসেন দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির চালক।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই কভার্ডভ্যান চালক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাজী পাড়ার মো. রফিজ উদ্দিনের ছেলে মো. রাসেলকে (৩১) আটক করা হয়েছে।

আহতরাও সবাই অটোরিকশার যাত্রী; তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রত্যক্ষদর্শীর বরাতে রামু হাইওয়ে ক্রসিং থানার এসআই জয়নাল আবেদীন বলেন, বুধবার সকালে বিজিবির মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরারদ্বীপ সংযোগ সড়ক এলাকায় টেকনাফমুখী কভার্ডভ্যানের সঙ্গে কক্সবাজারগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী নজির আহমদ মারা যান এবং আহত হন পাঁচ জন।

“স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পথে আরেকজন মারা যান।” 

এসআই জয়নাল বলেন, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা কভার্ডভ্যান চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান বলেন, আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

লাশ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে; এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জয়নাল।