২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অবৈধ যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি

গাজীপুর শহরে জনগণের নির্বিঘ্নে যাতায়াত ও সড়ক দুর্ঘটনারোধে অনুমোদনহীন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 06:46 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আনিসুর রহমান বুধবার গণমাধ্যমকে জানান, ১৪ ফেব্রুয়ারি জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সভায় শিববাড়ি মোড় থেকে জোড়পুকুর পর্যন্ত সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের বিষয়ে আলোচনা হয়। এরপর মঙ্গলবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ”গাজীপুর সিটি করপোরেশনাধীন শিববাড়ি মোড় থেকে জোড়পুকুর পর্যন্ত এলাকায় জনগণের নির্বিঘ্নে যাতায়ত ও যান চলাচল নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনারোধের লক্ষ্যে রেজিস্ট্রেশন, রুট পারমিট, লাইসেন্স, ফিটনেস সর্বোপরি অনুমোদনবিহীন সকল যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য আদেশ দেওয়া হল।”

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে যৌথ অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

জেলা প্রশাসক বলেন, প্রথমে গাজীপুর শহরে এবং পর্যায়ক্রমে জেলার গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

এতে জেলার সড়ক ও মহাসড়ক যানজট মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গাজীপুর আদালত, হাসপাতাল, পুলিশ সুপারের কার্যালয়, স্কুল-কলেজ ও ফায়ার স্টেশনসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়ত করতে শিববাড়ী মোড় থেকে জোড়পুকুর পর্যন্ত সড়কটি ব্যবহার করতে হয় বলে জানান নগরীর বাসিন্দারা।

শহরের বাসিন্দা রাহিম বলেন, “একটি লেভেল ক্রসিং দিয়ে ট্রেন চলাচলসহ অবৈধ গাড়ির চাপে এ পথটিতে তীব্র যানজট হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়।

”শুধু যানবাহন নিয়ন্ত্রণ করলেই যে এ পথে যানজট নিরসন হবে তা নয়; এজন্য রেললাইনে লেভেল ক্রসিংয়ের ওপর একটি ওভারব্রিজও নির্মাণ করা দরকার।”