২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৫০ মণ ভেজাল গুড় জব্দ, গ্রেপ্তার ৭

রাজশাহীতে অভিযান চালিয়ে ৫০ মণ ভেজাল খেজুরের গুড় জব্দ করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 04:42 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

সোমবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, আগের বিকাল থেকে রাত পর্যন্ত বাঘা উপজেলার আড়ানী চকরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- কারখানার মালিক রকিব আলী, সহযোগি সুমন আলী, অনিক আলী পাইলট, মাসুদ রানা, বিপ্লব হোসেন সাজু, মামুন আলী ও বাবু।

পুলিশ সুপার বলেন, জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন খবরে ভিত্তিতে একটি গুড় তৈরির কারখানায় অভিযান চালায়। সেখান থেকে ৫০ মণ ভেজাল খেজুরের গুড় ও গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়।

আটকরা ২/৩ মাস ধরে কারখানায় চিনি, চুন, হাইড্রোজ, ফিটকেরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করে আসছিল।

তারা এগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করত বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বাঘা থানায় মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।