যোবায়েরের এইচএসসি জয়
অন্যের সাহায্য ছাড়া কদম ফেলারও সাধ্য নেই, হাত-পা দুটো আছে নামেমাত্র; বিছানাই যার দিনরাত্রির সঙ্গী- সেই প্রতিবন্ধী যোবায়ের হোসেন উজ্জ্বল সব প্রতিবন্ধকতাকে জয় করে উত্তীর্ণ হয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।
রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট আদর্শ মহাবিদ্যালয় থেকে যোবায়ের ৪ দশমিক ৮৮ জিপিএ পেয়ে উত্তীর্ণ হওয়ায় তাকে নিয়ে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের স্বপ্নও যেন ডানা মেলতে শুরু করেছে।
বালারহাট ইউনিয়নের হযরতপুর গ্রামের হতদরিদ্র কৃষক জাহিদ সারোয়ারের তিন সন্তানের দ্বিতীয় যোবায়ের মূলত মুখে বিশেষ স্টিক নিয়ে কম্পিউটারের কি-বোর্ডে লিখে পরীক্ষা দিয়েছেন; যার আগ্রহ আগামী দিনের কম্পিউটারের ওপর ডিগ্রি নেওয়া।
“সে যে ফল বয়ে এনেছে অনেক সাধারণ শিক্ষার্থীও তা করতে পারেনি। সে যেন শুয়ে পরীক্ষা দিতে পারে তার জন্য বোর্ড থেকে বিশেষ অনুমতি আনতে হয়েছিল আমাদের। সবাই তাকে সহযোগিতা করেছে।
অধ্যক্ষ বলেন, “মানুষের সহানুভূতি ছাড়া এ ধরনের মানুষের জীবন কঠিন হয়ে পড়ে। কিন্তু সবাই এগিয়ে এলে কঠিন জীবনও সহজ হয়ে যায়। আমরা চাই, যোবায়ের প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবনে জয়ী হোক, সে জীবনে আরও ভালো কিছু করুক। তাহলে তার পরিশ্রম সার্থক হবে; সবার শ্রম সার্থক হবে।”
এর আগে যোবায়ের বালারহাটের মাধ্যমিক স্কুল থেকে জিপিএ ৪.৩৩ নিয়ে এসএসসি পাশ করে। স্কুল-কলেজের শিক্ষার্থী হলেও যোবায়ের কখনও ক্যাম্পাসে যেতে পারে না। কম্পিউটার আর ইন্টারনেটেই তার শিক্ষাজীবনের সবকিছু। যোবায়ের নিজের পড়াশোনার পাশাপাশি প্রতিবেশী শিক্ষার্থীদের সাধ্যমত সাহায্য করেন; যদিও যোবায়ের স্পষ্টভাবে কথা বলতে পারেন না।
তিনি গণমাধ্যমকে বলেন, পারদর্শিতা থাকলেও এভাবে লিখতে তার বেশ কষ্ট হয়। অনেকক্ষণ একটানা লিখতে পারেন না। তবে তার আগ্রহ কম্পিউটার নিয়ে পড়াশোনা করার। এজন্যই সে বিজ্ঞান বিভাগে পড়েছে।
যোবায়েরের বাবা জাহিদ সারোয়ার ও মা উম্মে কুলসুম জানান, জন্মের পর থেকেই ছেলে নানা শারীরিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বেড়ে উঠে। কিন্তু দরিদ্র পরিবার হওয়ায় ঠিকমত চিকিৎসা করানো যায়নি। কিন্তু ছোটবেলা থেকেই যোবায়েরের পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল।
ছেলে এইচএসসিতে ভাল ফলাফল করায় বাবা জাহিদ সারোয়ার খুব খুশি; তবে চিন্তার ভাঁজও পড়েছে কপালে।
তিনি বলেন, “শারীরিক প্রতিবন্ধী ছেলেটাকে পড়ানোর সিদ্ধান্তটা নিয়েছিলাম ওর ছোটবেলা থেকেই। কারণ একটা সময় আমরা না থাকলে তাকে কেউ আর বয়ে বেড়াবে না। লেখাপড়া শিখে একটা চাকরি জোটাতে পারলে কারও সহায়তা নিয়ে সে বেঁচে থাকতে পারবে।”
উম্মে কুলসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকক্ষণ ধরে লিখলে ছেলের মুখ লাল হয়ে যায়। সহায়তা নিয়ে অনলাইনে যে কোনো কাজ করতে পারবে সে।”
সামনের দিনগুলোতে যোবায়েরের জীবনটা যেন ভাল যায়, সে যেন কারো বোঝা না হয়- সেজন্য বাবা-মা ছেলের পড়াশোনা আর একটা চাকরির জন্য সরকার ও উদ্যোক্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
