তৃতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব নিলেন আইভী
টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছরের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন সেলিনা হায়াৎ আইভী।
রোববার দুপুরে শহরের নিতাইগঞ্জে নির্মাণাধীন নগর ভবনের ৮ম তলায় অস্থায়ী কার্যালয়ে বসেন তিনি।
গত ১৬ জানুয়ারি নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইভীকে শপথ বাক্য পাঠ করান।
রোববার সকালে নগরের দেওভোগের বাসা থেকে বের হয়ে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে গাড়িতে করে নগর ভবনে পৌঁছালে তাকে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করেন।
চেয়ারে বসে মেয়র সাংবাদিকদের বলেন, “আমি সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে মানুষ যা চায় এই শহরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করেছি। বিগত পরিষদকে নিয়ে আমরা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেছি। আগামী ৫ বছর একইভাবে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করব। নারায়ণগঞ্জ শহরের মানুষ অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। যারা আমাদের ভোট দিয়েছে আর যারা দেয়নি তাদের সবার জন্য কাজ করব।”
তিনি আরও বলেন, “এবারও অতীতের মতো সব কিছুর ঊর্ধ্বে উঠে এই সিটি করপোরেশন আমি কাজ করব। আমি আমার পরিষদকে আহ্বান জানাব আমরা মানুষের কল্যাণে কাজ করব। এখানে কোনো ধরনের দলাদলি, ধান্দাবাজি, চাঁদাবাজি হতে পারবে না। আমি ১৮ বছর যেভাবে কাজ করেছি সেইভাবেই এখানে কাজ করব।”
চলমান কাজগুলো দ্রততার সঙ্গে শেষ করবেন জানিয়ে আইভী বলেন, “চলমান কাজগুলো আমরা তড়িৎ গতিতে করব। মেগা প্রকল্পের মধ্যে কদম রসূল ব্রিজকে প্রধান্য দিব। জালকুড়িতে আমাদের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পকে প্রাধান্য দিয়ে আমাদের ৬টি মেগা প্রজেক্ট আছে, সেগুলো শেষ করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি কাজগুলি চলমান থাকবে। আমদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। নগরবাসীও দোয়া করবেন যাতে দ্রুত কাজগুলি শেষ করে আপনাদের কাঙ্ক্ষিত যে চাহিদা সেখানে যেন আমরা যেতে পারি।”
এবারের নির্বাচনে আইভী পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট, আর প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার পান ৯২ হাজার ৫৬২ ভোট।
২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হন সেলিনা হায়াৎ আইভী। পৌরসভা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হলে ২০১১ সালে প্রথম ভোটে আইভী প্রথম মেয়র নির্বাচিত হন। পরে ২০১৬ সালে দ্বিতীয়বারের মাতো জয় পান তিনি।
আরও পড়ুন:
