২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলেমিশে কাজ করব: শপথ নিয়ে বললেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে টানা তৃতীয়বারের মত শপথ নিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘একসঙ্গে মিলেমিশে’ কাজ করতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 01:37 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান।  

পরে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

গত ১৬ জানুয়ারি নির্বাচনে টানা তৃতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটির মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

শপথ শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সমন্বয়হীনতাকে কীভাবে সমাধান করা যায় এই চিন্তাভাবনা কিন্তু স্থানীয় সরকারও করছে। এবং সেইভাবে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হচ্ছে।”

“আশা করি, আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব।”

আইভীর হ্যাটট্রিক  

‘তৈমুর কাকার’ কথাও শুনব: আইভী

ইভিএমের ‘গতিতে সন্তুষ্ট নন’ বিজয়ী আইভী

নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে নিরাপদ পানি সরবরাহের আশা প্রকাশ করে মেয়র বলেন, “ঢাকা ওয়াসা থেকে নারায়ণগঞ্জ ওয়াসা নিয়ে নিয়েছি। সেই কাজটি ভালোভাবে করার চেষ্টা করব, যাতে আমরা প্রতিটা ওয়ার্ডে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে পারি।”  

Image
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলদের বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: মাহমুদ জামান অভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলদের বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: মাহমুদ জামান অভি

নির্বাচনে জয়ের জন্য দল ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, “আমি দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে, তারা আমাকে নৌকা মার্কা দিয়েছিল যার ফলে নারায়ণগঞ্জবাসী আস্থা রেখে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। যার ফলে আমি আজকে শপথ নিয়েছি। এজন্য আমার নগরবাসীকে আমি অভিনন্দন জানচ্ছি।”

এবারের নির্বাচনে আইভী প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারকে হারিয়েছেন। আইভী পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট, আর তৈমুর ৯২ হাজার ৫৬২ ভোট পেয়েছেন।

নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলী আহমেদ চুনকার মেয়ে আইভী চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নিয়ে পড়াশোনায় ব্যস্ত ছিলেন বিদেশে, দুই যুগ আগে দেশে ফিরে রাজনীতিতে নামেন।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে যখন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুর্দিন চলছিল, তখন দলের হাল ধরেছিলেন আইভী। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে দাঁড়িয়ে তিনি জিতে যান।

পৌরসভা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হলে ২০১১ সালে প্রথম ভোটে আইভী প্রথম মেয়র নির্বাচিত হন। পরে ২০১৬ সালে দ্বিতীয়বারের মত জয় পান এ আওয়ামী লীগ নেতা।