২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৮ জনের দণ্ড

চাঁদপুরে সরকারি ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অপরাধে আট জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 09:49 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল চৌধুরী।

এ অভিযানে চাঁদপুর মডেল থানা পুলিশ অংশ নেয়।

সহকারী কমিশনার হেলাল জানান, ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর ও চরমুকুন্দী এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে আট জনকে আটক করা হয়।

”তারা সরকারি খাস জমি ও ব্যক্তিমালিকানাধীন ফসলি জমির মাটি কেটে বিক্রি করছিল; অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

ফসলি জমির মাটি রক্ষায় আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দণ্ডিতরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দির মো. দুলাল সরকারের ছেলে মো. হাবিবুর রহমান (২০), উপজেলার দক্ষিণ গাজীপুরের ফয়জুল হকের ছেলে আরিফ হাসান (২৪), নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই কলোনীর প্রয়াতত বাহাজ উদ্দিনের ছেলে আ. আলীম (২৪), একই উপজেলার চাতনাই গ্রামের মো. আলেক নবীর ছেলে সুজন (২৫), সুনামগঞ্জ সদরের পাগলার অলী মিয়ার ছেলে আলী নূর (২০), শরীয়তপুরের জাজিরার ডোনবলিয়া গ্রামের আতিক উল্যার ছেলে বিপ্লব (২৩), বগুড়ার কাহালুর শান্তা গ্রামের মুনছুর আলীর ছেলে মো. আল আমিন হোসেন এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার নিরাঞ্জনপুর গ্রামের মজিবুল হকের ছেলে নূর নবী (৬০)।