গোপালগঞ্জে ‘চোরের’ গলায় জুতার মালা পরিয়ে সাজা
গোপালগঞ্জে চুরির অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে মারধর করার পর গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়েছেন ক্ষুব্ধ দোকানিরা।
জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে বৃহস্পতিবার বিকালে তারা এই কাজ করেন।
পাটগাতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু বলেন, “চোরের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে।
“চোর গত ১৪ জানুয়ারি পাটগাতি বাজারের মনি ইলেকট্রনিক্স থেকে দুটি এলইডি টিভি ও একটি খাবারের দোকান থেকে ১৪ হাজার টাকাসহ মানিব্যাগ চুরি করে। তাছাড়া শিমলা সুইটস থেকে একটি মোবাইল ফোন চুরি করে। দোকানিরা বণিক সমিতির কার্যালয়ে অভিযোগ দিলে সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্ত করা হয়।”
মইনুল বলেন, “বৃহস্পতিবার বিকালে সেই চোর বিভিন্ন দোকানের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় দোকানিরা আটক করে। তখন ভিডিও থেকে সংগ্রহীত ছবির সঙ্গে তার চেহারা মিলে যায়। ক্ষুব্ধ দোকানিরা তাকে মারধর করার পর জুতার মালা পরিয়ে সারা বাজার ঘুরিয়ে সাজা দেন।”
পরে ‘মানবিক কারণে’ তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান এই ব্যবসায়ী নেতা।
