ইসির বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা এবং তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ। তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, বিচার হওয়া উচিত; কারণ তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।”
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি ইসির বিরুদ্ধে মামলা করবে কিনা প্রশ্ন করা হলে ফখরুল বলেন, “আমরা চিন্তা করে দেখব ইসির বিরুদ্ধে মামলা করা যায় কিনা। এখন মামলা করে তো কোনো লাভ হয় না। কারণ বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করতে পারে না।”
এ সময় তিনি নির্বাচন কমিশন গঠনের জন্য করা সার্চ কমিটির কঠোর সমালোচনা করে তার কোনো মূল্য নেই বলে মন্তব্য করেন।
“ইসি গঠন করার জন্য যে সার্চ কমিটি করা হয়েছে আমরা তা মানি না। এসবে আমাদের কোনো আগ্রহ নেই। ইসি গঠন বা সার্চ কমিটিতে নাম দেওয়া – এগুলোর কোনো মূল্য নেই। আওয়ামী লীগ তাদের মতো করেই সব নামগুলো দিয়ে দেয়।”
আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।
ইসি নিয়োগে ২৭ জানুয়ারি পাস হওয়া আইনের আলোকে ৫ ফেব্রুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। পরদিন এক গণবিজ্ঞপ্তিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ১১ ফেব্রুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করতে বলে সার্চ কমিটি।
আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্ত করতে সার্চ কমিটি ১৫ দিন সময় পাবে। সাংবিধানিক এ প্রতিষ্ঠানের জন্য যোগ্য সিইসি ও নির্বাচন কমিশনারদের খোঁজে আইন অনুযায়ী কাজ করছে কমিটি।
দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে তিনি নির্বাচন, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রভৃতি নিয়ে কথা বলেন।
“সার্চ কমিটিতে কাদের নাম দিয়েছে? সার্চ কমিটিতে যাকে প্রধান করা হয়েছে তিনি নিজেই আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। সার্চ কমিটির প্রধানের পিতা ছিলেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য এবং তার ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। সুতরাং তার কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না।”
নির্বাচন কমিশন ও সার্চ কমিটি যদি আওয়ামী লীগ সরকারের অধীনে হয় তা কখনও গ্রহণযোগ্য হবে না এবং তাই নিরপেক্ষ সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে ফখরুল মনে করেন।
এ সময় তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করেন।
“ওবায়দুল কাদেরের সমস্যা হচ্ছে যে উনারা কোনোদিন নিজের চেহেরাটা দেখেন না। মানুষের যে ভাষা এটা তারা বোঝেন না। এখন পর্যন্ত তারা যে গত দুটো নির্বাচন করেছেন অর্থাৎ ১৪, ১৮ এবং মাঝখানে যে স্থানীয় সরকারের নির্বাচন হয়ে গেছে কোনোটাই সুষ্ঠুভাবে হয়নি।”
আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে তারা সব সময় নির্বাচন কমিশনকে দখল করে নেয় এবং তারা তাদের মমো করে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করে বলে ফখরুলের ভাষ্য।
এই কারণে ২০১৪ সালে শুধু বিএনপি নয় দেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছিল মন্তব্য কলে ফখরুল বলেন, “২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতেই তারা ভোট করে নিয়ে চলে গেছে। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সিল ছাপ্পর মেরে তারা করেছে।”
“স্থানীয় সরকার নির্বাচনগুলোতে গোলাগুলি হয়েছে, শতাধিক মানুষ হতাহত হয়েছে এবং এটা কোনো নির্বাচনই হয়নি। ফলে নির্বাচন ব্যবস্থাটার উপর মানুষের আস্থা চলে গেছে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা চলে গেছে,” বলেন ফখরুল।
সুতরাং এখানে সার্চ কমিটি বা নির্বাচন গুরুত্বপূর্ণ নয় মন্তব্য করে তিনি বলেন, “যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নির্বাচনকালীন সময়ে কোন ধরনের সরকার থাকবে; এটা যদি দলীয় সরকার থাকে – বিশেষ করে আওয়ামী লীগ যদি থাকে – তাহলে কখনো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না।”
এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলনের আগে আন্দোলনের প্রসঙ্গ টেনেও মির্জা ফখরুল আওয়ামী লীগের সমালোচনা করেন।
“দুর্ভাগ্যের বিষয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগই তাদের দাবি পেশ করেছিল এবং আপনাদের মনে থাকার কথা ১৭৩ দিন হরতাল করেছিলেন। যখন দেশনেত্রী খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত করেন এবং তার পরে চারটা নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে।”
তিনি বলেন, এখন আওয়ামী লীগই আবার যখন দেখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতায় আসা হবে না, তখন তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে এসেছে।
“উদ্দেশ্যে একটাই – যতদিন পারা যায় এবং তাদের ইচ্ছা সারাজীবন ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে।”
এ সময় অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
