২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: আরেক কর্মকর্তাকে অপসারণ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুতে ব্যাপক আলোচনার মধ্যে ‘ওয়াল্ডলাইফ সুপারভাইজার’ সারোয়ার হোসেনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 11:11 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে বদলি করা হয়েছিল।

দীপংকর বর জানান, সারোয়ার হোসেন পার্ক প্রতিষ্ঠার পর থেকে কোর সাফারির আফ্রিকান সাফারিতে থাকা প্রাণীগুলোর দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন। সারোয়ারের স্থলে কোর সাফারির প্রাণীদের দেখভালের দায়িত্ব পালন করবেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান।

পার্কের প্রকল্প পরিচালক মোল্ল্যা রেজাউল করিম বলেন, সারোয়ার হোসেনকে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি চাকরির স্বাভাবিক বদলির একটি অংশ হিসেবেই তাকে সরানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় পার্কে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সীমানা প্রাচীরের ভেতর থেকে খাবার পাচার, জেব্রা ও বাঘ মৃত্যুর ঘটনাটি গোপন রাখা এবং জেব্রাগুলোকে হত্যার অভিযোগ এনে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন মহল থেকে পার্কের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার বিষয় ওঠায় গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

গত ২রা ফেব্রুয়ারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও দায়িত্ব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। সবশেষে পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে সরানো হলো।