২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মেহেদী হত্যায় পাঁচ বন্ধুর যাবজ্জীবন

কক্সবাজারের আলোচিত মেহেদী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 05:45 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোজাফ্ফর আহমদ হেলালী।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা ফরিদ আহামদের ছেলে মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক, একই এলাকার আবুল বশরের ছেলে মোহাম্মদ শাহেদ, মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে মোহাম্মদ সাগর, জহির আহমদের ছেলে মোহাম্মদ মিঠু ও আমির হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াসিম।

রায় ঘোষণার সময় মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ শাহেদ আদালতে উপস্থিত ছিলেন। অপর তিন আসামি পালাতক রয়েছেন।

আইনজীবী জানান, মেহেদী হাসান শহরের মধ্যম বাহারছড়া এলাকার মোহাম্মদ সোলাইমানের ছেলে। বন্ধুদের সঙ্গে বাকবিতাণ্ডার জেরে ২০১০ সালের ২০ এপ্রিল রাত ১০টায় কক্সবাজার শহরের শহীদ মিনার রোডে (বন বিভাগের সামনে) হামলার শিকার হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

“এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২০১০ সালের ২২ এপ্রিল পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে এজাহারভুক্ত আসামি হুমায়ুনকে বাদ দিয়ে মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগরকে অভিযুক্ত করে মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।

এপিপি বলেন, মামলায় সাক্ষী করা হয় ১৬ জনকে। পরে আদালত ২০১২ সালের ১০ এপ্রিল অভিযোগ গঠন করেন। আদালত পাঁচজনকে যাবজ্জীবন সাজা ছাড়াও প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম সাজার আদেশ দেন। সাজাপ্রাপ্তরা সবাই মেহেদী হাসানের বন্ধু।

অর্থদণ্ডের টাকা থেকে ১০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা হবে এবং আদায় করা বাকি টাকা ভিকটিমের মা রোজিনা আক্তারকে দেওয়ার জন্য বিচারক নির্দেশ দেন বলে জানান এপিপি মোজাফ্ফর।