২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা চুরি করতে চেতনানাশকে ২ মৃত্যু: রাজবাড়ী পুলিশ

অটোরিকশা চুরি করতে চেতনানাশক খাওয়ানোর কারণে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে, দুই সপ্তাহ আগে অজ্ঞান অবস্থায় যাদের পাওয়া যায় এবং পরে তাদের মৃত্যু হয় বলে রাজবাড়ী পুলিশ জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 08:37 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

পুলিশের অভিযোনে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তির বরাতে বুধবার রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান একথা জানান।

রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসপি শাকিলুজ্জামান বলেন, গত ২৬ জানুয়ারি জেলার কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় অজ্ঞাত দুই ব‍্যক্তিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরা হলেন মো. ইসমাইল শেখ (৪৫) ও সুজন পাঠান (২৪)। পরে তাদের পরিবারের সদস‍্যরা কালুখালী ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথকভাবে মামলা দায়ের করেন।

এরা দুজনই অটোরিকশা চালক বলে পরিবার জানিয়েছে, বলেন এসপি।

তিনি আরও জানান, পরে পুলিশ মামলার তদন্ত পর্যায়ে ঢাকা জেলা, ঢাকা সিটি কর্পোরেশন এবং পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এরা হলেন মো. আশিক (১৯), মো. রবিন হোসেন (২২), নিজাম উদ্দিন ওরফে সালমান (৩০), আকরাম হোসেন (২৬) ও সাদ্দাম হোসেন (২৬)।

অটোরিকশা চালক মো. ইসমাইল শেখ ও সুজন পাঠানও এই চক্রের হাতে নিহত হন বলে এসপি জানিয়েছেন।

এই পাঁচজনের স্বীকারোক্তির বরাতে এসপি বলেন, এরা একটি অটোরিকশা চোর চক্রের সদস্য। খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে এরা অটোরিকশা চালককে অজ্ঞান করে; পরে অটোরিকশা নিয়ে চলে যায়।

পুলিশ সুপার বলেন, এই পাঁচজনের একজন জানিয়েছে, চা বিক্রেতা সেজে সে চায়ের সঙ্গে চেতনানাশক দ্রব‍্য মিশিয়ে ইজিবাইক চালকদের পান করিয়ে ইজিবাইক চুরি করত।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার শাহা, ডিআইও ওয়ান সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।