চুয়াডাঙ্গায় উপজেলা প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
চুয়াডাঙ্গায় সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ সরকারি ৬০০ মেট্রিকটন চাল আত্মসাতের অভিযোগে এক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ জিয়া হায়দারের আদালতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল মাজেদ মামলাটি করেছেন, জানিয়েছেন কুষ্টিয়ার সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেন (৩৮) ও তার অফিস সহকারী সাইফুর রহমানের (৪৫) বিরুদ্ধে মামলাটি করা হয়।
আশরাফ রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা বড়পুল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আর সাইফুর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আমীর হোসেন মালিকের ছেলে।
মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর তারা ৬০০ মেট্রিকটন সরকারি চাল দুই কোটি ১৮ লাখ এক হাজার টাকার ভুয়া মাস্টার রোল ও বিল ভাউচার তৈরীর মাধ্যমে আত্মসাৎ করেন।
প্রাথমিক তদন্তে অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পাওয়ায় কমিশন মামলা করে বলে জানান আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু।
