২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ফেলে ব্যবসায়ী হত্যা, ২ বছর পর আসামি গ্রেপ্তার

গাজীপুরে এক ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নিয়ে নদীতে ফেলে হত্যার মামলায় প্রায় দুই বছর পর এক আসামি ধরা পড়েছে ময়মমনসিংহে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 05:50 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

সোমবার বিকালে গাজীপুর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুরের পিবিআই পরিদর্শক মাহমুদুল হাসান।

গ্রেপ্তার কামরুল ইসলাম (৩১) ময়মনসিংহের পাগলা থানাধীন বারইহাটির আব্দুস শহিদের ছেলে।

শনিবার ময়মনসিংহের পাগলা থানাধীন বারইহাটি এলাকা থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়।

রোববার গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২০ সালের ৭ এপ্রিল গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোকনগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে পড়ে রুবেল মিয়া (৩২) নিখোঁজ হন। দুদিন পন [৯ এপ্রিল] টোকনগরের আব্দুল হাই মুন্সির চর এলাকায় নদীতে ভাসমান রুবেল মিয়ার অর্ধগলিত লাশ পাওয়া যায়।

ওইদিনই রুমেলের বাবা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন।

রুবেল কাপাসিয়া উপজেলার শহরটোক এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুরের পিবিআই পরিদর্শক মাহমুদুল হাসান জানান, রুবেল মিয়া কাপায়িার টোক নয়ন বাজারে পেঁয়াজু, নিমকি, মুড়ালী ইত্যাদি তৈরি ও বিক্রি করতেন। ২০২০ সালের ৭ এপ্রিল বিকালে রুবেল মিয়া ও মো. রিপন, বিমল বর্মন, নাছির উদ্দিন, মো. আরিফ, আরিফ মিয়া, দিলিপ ঘোষ টোক নয়ন বাজারস্থিত শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

“কাপাসিয়া থানাধীন টোক নগর এলাকার আব্দুল হাই ও কামরুলসহ কয়েকজন আরেকটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ময়মনসিংহের গফরগাঁও থেকে টোক নয়ন বাজারে যাচ্ছিলেন। মুন্সির চর সংলগ্ন নদীর কিনারে পৌঁছলে নৌকাকে সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয় নৌকার লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়।

“এক পর্যায়ে কামরুল তার লোকজন নিয়ে রুবেলকে মারপিট করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নৌকা হতে তাকে পানিতে ফেলে দেয়। এসময় রুবেলের সঙ্গে থাকা অন্যরা সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও রুবেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।”

পরিদর্শক মাহমুদুল জানান, এ ব্যাপারে  ভিকটিমের বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় ৯ এপ্রিল মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রায় ছয় মাস তদন্ত করেও কাপাসিয়া থানা পুলিশ হত্যাকাণ্ডটির রহস্য উদঘাটন করতে না পারায় পুলিশ সদরদপ্তরের নির্দেশে মামলাটির তদন্তভার পায় গাজীপুরের পিবিআই। 

পরে দীর্ঘ তদন্ত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শনিবার ময়মনসিংহের পাগলা থানার বারইহাটি এলাকা থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়, বলেন পরিদদর্শক।