নবাবগঞ্জে ভাইকে গলা টিপে হত্যার অভিযোগ
পাওনা টাকা ও জমিজমার বিরোধে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বড় ভাইকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত রফিক উদ্দিন কবিরাজ (৫৫) ওই গ্রামের প্রয়াত শুকুর কবিরাজের বড় ছেলে।
নিহতের স্ত্রী আসমা বেগমের অভিযোগ, তার ননদ কোহিনুরের কাছে দেবর জাহাঙ্গীর টাকা পান। এ পাওনা টাকা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এ নিয়ে জাহাঙ্গীর তার স্বামী রফিককে দোষারোপ করতেন।
“আমার স্বামী আজ দুপুরে ধান বিক্রির জন্য খালি বস্তা আনতে তার বোন কোহিনুরের ঘরে যায়। এ সময় জাহাঙ্গীর আমার স্বামীর গলা টিপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়।”
পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
ওসি সিরাজুল ইসলাম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবাদ পেয়ে বিকালে লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় রাখা হয়েছে।
সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ছোট বোনের সঙ্গে জাহাঙ্গীরের পাওনা টাকা ছাড়াও ওই পরিবারে মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বাড়ির ও জমির দলিল জাহাঙ্গীরের কাছে ছিল। বড় ভাই রফিক তার কাছে জমিজমার দলিল চাইলেও সে দিত না বা কোনো মীমাংশাও করত না।
“এ নিয়ে দুপুরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে রফিক অচেতন হয়ে পড়েন; স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।”
এ ঘটনায় জাহাঙ্গীরও আহত হয়েছেন; তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিরাজুল জানান।
তবে ঢাকায় কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে; ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার প্রমাণ মিললে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
