ফেনীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শহরের রেলওয়ে স্টেশনে শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম।
আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসআই সাইফুল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা-নিশীথা ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর প্লাটফর্মের অদূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
”মৃতের পরনে সাদা স্যোয়েটার ও গ্যাবাডিন কাপড়ের ফুল প্যান্ট ছিল। ট্রেনের ধাক্কায় যুবকের মাথা ও হাতের কিছু অংশ শরীর থেকে আলাদা হয়ে যায়।”
এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন ওই পুলিশ কর্মকর্তা।
