২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে জেলেসহ ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কয়েকটি মাছ ধরার ট্রলার ডুবে অন্তত ২৫ জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 02:33 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

শুক্রবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন সাগরে এ ট্রলারডুরি ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৮টি ট্রলার ডুবি ও তিন জেলের নিখোঁজের কথা বলছে সুন্দরবন পূর্ব বিভাগ। আর বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি বলছে, ঝড়ে ১০টি ট্রলার ডুবে গেছে আর ২৫ জেলে নিখোঁজ রয়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, শনিবার সকাল থেকে বনবিভাগ ও কোস্টগার্ড নিখোঁজ তিন জেলের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে।

নিখোঁজরা হলেন- শাহীনুর রহমান, মফিজুল ইসলাম ও মিজানুর রহমান। তাদের বাড়ি বাগেরহাট ও সাতক্ষীরা জেলায়।

রামপালের শুটকি ব্যবসায়ী আবু তাহের সাংবাদিকদের বলেন,  “শুক্রবার রাত ১১টার দিকে দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ৫০/৬০টি ফিশিং ট্রলারে করে মাঝিরা মাছ ধরছিল। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হয়।

“প্রবল বাতাসে সাগরে ঢেউ শুরু হলে মাছ ধরার ১৮টি ট্রলার ডুবে যায়। এ সব ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে কুলে ফিরতে পারলেও তিন জেলে নিখোঁজ হন।”

এদিকে মাঘ মাসের প্রবল বৃষ্টিতে দুবলার চরের প্রায় ‘দুই কোটি টাকার’ শুঁটিকি মাছ নষ্ট হয়ে গেছে বলে আবু তাহের জানিয়েছেন।

তিনি বলেন, “এখন শুঁটকির মৌসুম চলছে। সাগরের মাছ শিকার করে তা দুবলার চরে শুকানো হয়। শুক্রবার প্রবল বৃষ্টিতে সব ভিজে নষ্ট হয়ে গেছে।”

বৃষ্টিতে কয়েক মেট্রিকটন শুঁটকি মাছ ভিজে নষ্ট হয়ে গেছে বলে বন কর্মকর্তা বেলায়েত জানান।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়ায় ট্রলার ডুবে যায়। ট্রলারের মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইলিয়াস বলে জানা গেছে।

নিখোঁজ জেলের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। তাদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলারে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান সাংবাদিকদের জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্টগার্ডের উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।