বৃষ্টির মধ্যে বঙ্গবন্ধু সেতুতে থেকে থেকে জট
বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে গাড়ির জট সৃষ্টি হয়েছে থেকে থেকে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইয়াসির আরাফাত জানান, বৃষ্টির কারণে শুক্রবার গভীর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইল রাবনা বাইপাস পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটার এলাকায় গাড়ির জট সৃষ্টি হয়।
পরে হাইওয়ে ও জেলা পুলিশ গিয়ে জট নিরসনে কাজ করলে সকাল ৭টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করে।
বেলা ১১টার দিকে বৃষ্টি আবার শুরু হলে যানবাহনের গতি আবার কমতে শুরু করে। এ সময় সেতুর কালিহাতীর সল্লা থেকে পুংলী এলাকায় গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়।
পরে বেলা ১টার পর থেকে আবার চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান আরাফাত।
টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক ইন্সেপেক্টর মো. হারুনুর রশিদ জানান, শুক্রবার রাতে বৃষ্টি হওয়ার পর যানজটে পড়ে অনেক চালক গাড়িতেই ঘুমিয়ে পড়েন। শেষ রাতের দিকে গাড়ির চাপ আরও বাড়তে থাকে। পরে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে যানজট হচ্ছে। ফলে বৃষ্টির মধ্যেই তারা যানজট নিরসনে কাজ করছেন।
