‘ভারসাম্যহীন’ ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মধ্য বাড়েরা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম (৬৫) ওই গ্রামের বাসিন্দা প্রয়াত আবুল বাশারের স্ত্রী।
নিহতের ছেলে জাকির হোসেনকে (২৯) পুলিশ আটক করেছে। জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মোমেনা বেগম এশার নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে জাকির হোসেন বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করতে থাকেন। নামাজ পড়ার কারণে মা সাড়া দিতে পারেননি।
“এতে ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে নামাজরত অবস্থায় তার মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেন জাকির। এতে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মোমেনা বেগম মারা যান।”
ফারুক বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং ছেলে জাকির হোসেনকে আটক করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
