তাজউদ্দীন মেডিকেলে ১১০ পদ শূন্য, চিকিৎসা `ব্যাহত’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক, বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ে `১১০ পদ শূন্য থাকায় সরকারি চিকিৎসা ব্যাহত’ হচ্ছে বলে জানিয়েছেন সেবাপ্রার্থীরা।
৫০ থেকে ধাপে ধাপে ৫০০ শয্যায় উন্নীত হলেও জনবল কাঠামো সেই তুলনায় পূরণ না হওয়ায় এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে রোগীর চাপ প্রচণ্ড বেড়ে যাওয়ায় জেলার প্রধান হাসপাতালটিতে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে- এমনটা বলছেন চিকিৎসাকর্মীরা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রফিকুল ইসলাম বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব মিলিয়ে হাসপাতালের জন্য ৬৬৮টি মঞ্জুরিকৃত পদ তথা জনবল রয়েছে। এর মধ্যে ৫৫৮টি পদ পূরণ হলেও বর্তমানে খালি রয়েছে ১১০টি পদ।“
জেলা শহরে অবস্থিত হাসপাতালটি একসময় গাজীপুর সদর হাসপাতাল নামেই পরিচিত ছিল। ২০১১ সালে হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়। তখন জনবল কাঠামোর এক দফা পরিবর্তন হয়।
২০১৪ সালে সদর হাসপাতালটি দেশের প্রথম প্রধানমন্ত্রী কাপাসিয়ার কৃতি সন্তান তাজউদ্দীন আহমদের নামে নামকরণ করা হয় এবং ৫০০ শয্যায় উন্নীত করা হয়। তখন আরেক দফা জনবল কাঠামোর পরিবর্তন হয়। হাসপাতালটিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই রোগীরা চিকিৎসা নিতে আসেন। এর বাইরে জেলায় ব্যাপক আকারে তৈরি পোশাক শ্রমিকসহ অন্যান্য শ্রমিকরা রয়েছে। তাদের চাপও সামলাতে হয় চিকিৎসকদের।
“কিন্তু বর্তমানে এ হাসপাতালে উপপরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রথম শ্রেণির ১৫টি পদ শূণ্য রয়েছে। দ্বিতীয় শ্রেণির মঞ্জুরিকৃত ৪১৪টি পদের সবগুলোই পূরণ হয়েছে।
“সদর হাসপাতালের তৃতীয় শ্রেণির ২০টি পদ থাকলে মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার পর মোট ১১১টি পদ মঞ্জুর হয়। কিন্তু বর্তমানে ৬২টি পদই শূণ্য রয়েছে।”
রফিকুল আরও বলেন, চতুর্থ শ্রেণির পদ ২১ থেকে বেড়ে ৪৬টি পদ হলেও বর্তমানে রয়েছে মাত্র ১৩টি। সেখানে শূণ্য রয়েছে ৩৩টি পদ।
তবে এর বাইরে আছেন আউটসোসিং ভিত্তিক কর্মীরা। সেখানেও রয়েছে কর্মী সংকট। দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে আবেদন করেও এ খাতে বরাদ্দ মিলছে না।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের পরিচালক তপন কান্তি সরকার জানান, বর্তমানে ৯০ জন কর্মচারী আউটসোর্সিং ভিত্তিতে কাজ করছেন। সম্প্রতি ১৩০ জন আউটসোর্সিং/কর্মচারীসহ অন্যান্য শূণ্যপদে নিয়োগের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত খালিপদগুলো পূরণ হয়নি।
কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই মাস ধরে হাসপাতালে উপপরিচালক পদ শূণ্য রয়েছে। এ ছাড়াও সার্জারি বিভাগের একজন সিনিয়র কনসালটেন্ট, প্যাথলজি-ডেন্টিস্ট্রি বিভাগের দুইজন সিনিয়র কনসালটেন্ট, একই বিভাগের একজন জুনিয়র কনসালটেন্ট, ইএনটি বিভাগের একজন জুনিয়র কনসালটেন্ট, চক্ষু বিভাগের একজন জুনিয়র কনসালটেন্ট, একজন আবাসিক চিকিৎসক-সার্জন, একজন প্যাথলজিস্ট, দুইজন ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, শিশু বিভাগের একজন রেজিস্ট্রার ও দুইজন সহকারী রেজিস্ট্রার, রক্তসঞ্চালন বিভাগের একজন সহকারী রেজিস্ট্রার, জরুরি বিভাগের ও একজন ডেন্টাল জুনিয়র কনসালটেন্টের পদ শূণ্য রয়েছে।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, দাঁতের চিকিৎসা নিতে গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকা থেকে মুক্তা বেগম (২৫) ও তার স্বামী নাসির উদ্দিন (৪৫) হাসপাতালে এসেছেন। তারা সকাল ১০টায় হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসকের জন্য অপেক্ষা করেন। দুপুর ১টা পর্যন্তও তারা চিকিৎসকের সাক্ষাৎ পাননি।
একই অবস্থা কাপাসিয়া থেকে আসা আব্দুস শুকুরের (৪৬)। তিনি লাইনে বসেই দাঁতের ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন।
সেখানে কর্মরত ডেন্টাল সার্জন এম এ কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে দুইজন ডেন্টাল কনসালটেন্টের পদ শূন্য রয়েছে। এ অভাব পূরণ হলে হয়তো রোগীদের ভোগান্তি কমত।”
কিডনি সংক্রান্ত জটিলতা নিয়ে বহির্বিভাগে চিকিৎসার জন্য অপেক্ষায় ছিলেন বোর্ডবাজার এলাকার বাসিন্দা এম কে সারোয়ার (৬০)।
এই বিভাগের চিকিৎসক মো. খায়রুজ্জামান বলেন, হাসপাতালের ইউরোলজি বিভাগের বিশেষজ্ঞ পদ নেই। মন্ত্রণালয়ের নির্দেশে এখানে (ওএসডি) পদায়ন পেয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে এখানে রোগীর চাপ বেশি থাকায় রোগীদের কিছুটা ভোগান্তি তো হচ্ছেই।
এ ছাড়া একজন রেডিওগ্রাফার হাসপাতালের এক্স-রে, সিটিস্ক্যান ও এমআরআই মেশিন চালান। এখানেও পর্যাপ্ত লোকবল নেই। মূলত এখানে অতিরিক্ত পদই নেই। তাই এ বিভাগে পদ সৃষ্টি করা প্রয়োজন বলে বলে জানান রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট মো. মোফাজ্জল হোসেন খান।
এই রেডিওগ্রাফার বলেন, “এ বিভাগে নয়জন টেকনোলজিস্ট দরকার। তার মধ্যে আমাকে একাই সিটিস্ক্যান, এমআরআই ও এক্স-রে মেশিন চলাতে হচ্ছে। কয়েকদিন ধরে এক্স-রে বিভাগে একজন অনারারি টেকনোলজিস্ট কাজ করছেন।”
এ বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. রাজিব হোসেন জানান, এ বিভাগে চিকিৎসক ও টেকনেশিয়ান সংকট রয়েছে। কমপক্ষে আরও চারজন টেকনেশিয়ান হলে সিটিস্ক্যান ও এমআরআইসহ সংশ্লিষ্ট কাজে আরও গতি পেত। মানুষেরও ভোগান্তি কমত।
