গোপালগঞ্জে ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার, পুলিশ বলছে খুন
গোপালগঞ্জ সদর উপজেলায় এক মুদি ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে; যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড় গ্রামের বাদশা শেখের পুকুর থেকে ওই ব্যবসায়ীর হাত বাঁধা লাশ করেন তারা।
মৃত গাউজ দাড়িয়া (৪৫)ওই গ্রামের আজিম দাড়িয়ার বড় ছেলে। বাড়ির সামনে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পাশে একটি মুদির দোকান চালাতেন তিনি।
গাউজের বাবা বলেন, “গাউজ রাতে তার মুদি দোকানেই ঘুমাত। বুধবার রাতেও সে দোকানে ঘুমিয়ে ছিল। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আমার স্ত্রী দোকানে গেলে দোকানের দরজা খোলা দেখেতে পায় এবং গাউজকে সেখানে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে স্থানীয়রা পুকুরে তার লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়।”
গাউজের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে বলে জানান তিনি।
গাইজের ভাই শহীদুল ইসলাম বলেন, “পাওনা টাকা নিয়ে বুধবার সন্ধ্যায় আমার ভাইয়ের সঙ্গে গ্রামের কাইয়ূম মোল্লার ছেলের নিয়ে ঝগড়া হয়। এর আগেও তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়েছিল। ওই সময় আমার আব্বা মিমাংসা করে দিয়েছিল।
“আমাদের ধারণা, ওই বিবাদের কারণে আমার ভাইকে মেরে ফেলেছে।”
ওসি বলেন, “নিহত ব্যক্তির শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ”
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
