২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরম তেলে ঝলসে ভাইকে হত্যায় ১০ বছরের কারাদণ্ড

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক ব্যক্তিকে গরম তেলে ঝলসে হত্যার দায়ে তার ভাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 06:12 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

মঙ্গলবার দুপুরে ফেনীর জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের পিপি হাফেজ আহম্মদ।

দণ্ডপ্রাপ্ত নিজাম উদ্দিন উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া গ্রামের নুরুল হক মিয়ার ছেলে। তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

পিপি মামলার নথির বরাত দিয়ে বলেন, ২০১৯ সালের ২৬ মার্চ সকালে উপজেলার সাপুয়া গ্রামে একটি চায়ের দোকানে বড় ভাই জহিরুল হকের সঙ্গে নিজাম উদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজাম ক্ষিপ্ত হয়ে দোকানে কড়াইয়ের মধ্যে থাকা গরম তেল বড় ভাইকে ছুড়ে মারেন। এতে জহিরুলের  বুক ও মুখমণ্ডল ঝলসে যায়।

জহিরুলকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর ৩ এপ্রিল সন্ধ্যায় জহির মারা যান।

এ ঘটনায় জহিরের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে ৪ এপ্রিল নিজাম উদ্দিনকে আসামি করে দাগনভূঞা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান পিপি।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই মশিউর রহমান ২০২০ সালের ২১ জানুয়ারি নিজাম উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। কিন্তু তাতে ত্রুটি থাকায় ১ নভেম্বর মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেয় আদালত।

এরপর ২০ ডিসেম্বর পুনরায় অভিযোগপত্র জমা দেন এসআই মো. মোবারক হোসেন। ২০২১ সালের ১১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আদেশ দেয় আদালত। রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষীকে আদালতে হাজির করে।

পিপি হাফেজ আহম্মদ বলেন, “আদালতে ৩০২ ধারায় মামলাটি প্রমাণ করতে না পারায় বিচারক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আর জরিমানার টাকা মৃতের পরিবারকে দিতে হবে। রায়ের পর আসামিকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।“