কুষ্টিয়ায় একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে মিরপুর থানার পরিদর্শক শুভ্র প্রকাশ দাস জানান।
নিহত নিশান (৩৭) উপজেলার ছেউড়িয়া এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।
আহত জনি (৩৮) একই এলাকার জয়নাল মিয়ার ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক শুভ্র প্রকাশ বলেন, “সকালে এলাকাবাসী এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে বলে খবর আসে। তারপর পুলিশ গিয়ে নিশানকে রক্তাক্ত দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখমের চিহ্ন রয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিশানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।”
তাছাড়া ঘটনাস্থল থেকে আহত জনিকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
ওসি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত জনির অবস্থার উন্নতি হলে তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা উঠে আসবে।
