রাজশাহীতে শনাক্তের হার ৭৫ শতাংশ, ‘চাপ কম’ হাসপাতালে
রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার প্রায় ৭৫ শতাংশে পৌঁছালেও সেই তুলনায় হাসপাতালে চাপ কমই; মানুষ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে বলেন, “বৃহস্পতিবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৪৬১ জনের নমুনা পরীক্ষা করে পজেটিভ এসেছে ৩৪৫ জনের। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৭৪ দশমিক ৮৪ শতাংশ।”
“রাজশাহীতে এখন ঘরে ঘরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে। তারা বাড়িতে থেকেই স্বাভাবিক নিয়মে জ্বর সর্দি-কাশির চিকিৎসা নিচ্ছেন। এতে ভালও হয়ে যাচ্ছেন তারা। এ জন্য হাসপাতালে রোগীর চাপ কম। তবে যাদের অবস্থার অবনতি ঘটছে তারাই শুধু হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদের মধ্যে টিকা না নেওয়ার সংখ্যায় বেশি।”
এ সময়ে দুজন মারা গেছেন উল্লেখ করে শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর কোভিড ওয়ার্ডে তারা মারা যান। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি পাবনা থেকে এই হাসপাতালে এসেছিলেন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৮ জনের শরীরে। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৬৭ জনের নমুনা পরীক্ষা পজেটিভ এসেছে ২৮৭ জনের।
এর আগের দিন বুধবার রাজশাহীতে করোনাভাইরাস শনাক্তের হার ছিল ৬০ দশমিক ৩৯ শতাংশ; গত মঙ্গলবার ছিল ৫৮ দশমিক ৬০ শতাংশ এবং গত সোমবার রাজশাহী জেলায় করোনাভাইরাস শনাক্তের হার ছিল ৫৫ দশমিক ৭৮ শতাংশ।
রামেক হাসপাতালের পরিচালক জানান, ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে ভর্তি হয়েছেন আটজন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী। ১০৪ শয্যার এই ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন।
এদের মধ্যে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর তিনজন, নাটোরের চারজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার তিনজন, সিরাজগঞ্জের একজন, জয়পুরহাটের একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোগীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ২৮ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনাভাইরাস ধরা পড়েনি তিনজনের।
