শাহজাদপুরে দুদলের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন দিন আগে দুটি পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম জানান।
মৃত দুলাল হোসেন (৫৪) শাহজাদপুর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়ার মৃত জেন্দার মোল্লার ছেলে।
গত সোমবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে গোপীনাথপুর গ্রামের সানোয়ার প্রামানিক ও মনি হাজীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে দুলালসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
এদিকে, দুলালের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিদর্শক মঈনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় বগুড়া থেকে লাশ শাহজাদপুরে এসে পৌঁছেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
