২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ভিসির বাড়ির সামনে থেকে ‘ফেনসিডিলসহ’ নিরাপত্তা কর্মী আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসির বাড়ির সামনে থেকে এক নিরাপত্তা কর্মীকে ফেনিসিডিলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2022, 12:25 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বাস ভবনের সামনে থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাহিদুর রহমান নামের ওই নিরাপত্তাকর্মীকে আটক করা হয় বলে শিক্ষার্থীরা জানান।

তাদের ভাষ্য, ওই নিরাপত্তাকর্মী সোমবার রাত সোয়া ১০টার দিকে ভিসির বাসভবন থেকে বেরিয়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে একটি ‘ওষুধের প্যাকেট’ নিয়ে আবার বাসভবনে ঢুকতে চাইলে শিক্ষর্থীরা প্যাকেটটা দেখাতে বলে। পরে ওই ওষুধের প্যাকেট খুলে একটি ফেনিসিডিলের বোতল পাওয়া যায়।

এ সময় ওই গার্ডকে এ ব্যাপারে জিজ্ঞাস করলে সে জানায়, এক শিক্ষক তাকে ওই বোতল আনতে পাঠিয়েছিলেন। পরে শিক্ষার্থীরা ওই গার্ডকে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওই গার্ডের কাছে একটি পরিচয় পত্র পাওয়া গেছে। তিনি যমুনা স্টার সেইভ গার্ড লিমিটেডের কর্মী হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার কাজ করেন বলে জানান শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই গার্ড ওষুধের প্যাকেটের ভেতরে ফেনিসিডিল নিয়ে যেতে চাচ্ছিল। পরে আমরা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করি ।” 

সিলেট মেট্রোপলিটন পুলিশ উত্তরের ডেপুটি কমিশনার আজবাহার আলী শেখ বলেন, “শিক্ষার্থীরা ফেনসিডিলের বোতলসহ ওই সিকিউরিটি গার্ডকে আটক করেন। বোতলের গায়ে ‘ফেনসিডিল’ লেখা আছে। পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে এটা আসলে কী।”

এদিকে আন্দোলনের একাদশ দিন সোমবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সবাইতে ‘তল্লাশি’ শুরু করেছে শিক্ষার্থীরা।

তারা বলছেন, তাদের আন্দোলনে ‘বহিরাগত বেশি’ বলে একটি মহল দাবি করছে। সেজন্য চেকপোস্ট বসিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নাম, বিভাগ এবং কে কখন ক্যাম্পাসে প্রবেশ করেছে সেটা খাতায় লিখে রাখা হচ্ছে ।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনশনকারীদের জন্য খাবার নিয়ে গেলে শিক্ষার্থীরা তা ফিরিয়ে দেন।

এ বিষয়ে শিক্ষার্থী সাব্বির বলেন, " প্রক্টর আলমগীর কবিরের নেতৃত্বে শিক্ষকদের একটি দল অনশনকারীদের জন্য জুস, ব্রেড আরও কিছু খাবার নিয়ে আসেন। কিন্তু অনশনকারীরা তা ফিরিয়ে দেন। ভিসির বাসভবনের ভেতরেও তারা ঢুকতে চেয়েছিল। আমারা তাকে ঢুকতে দিইনি।

"আমরা বলেছি পুলিশ ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। ভেতরে যদি কোনো কিছু লাগে, আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মেডিকেল সাপোর্ট লাগলে সেটা পুলিশের মাধ্যমেই করা হবে।"

এদিকে সোমবার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে তৃতীয় দিনের মতো মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি গোলচত্বর থেকে শুরু হয়ে লাইব্রেরি ভবন, চেতনা-৭১, ইউসিসহ প্রধান সড়ক ঘুরে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় শিক্ষার্থীরা ভিসির অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা।

তাদের তিনটি দাবির মধ্যে ছিল- প্রভোস্ট কমিটির পদত্যাগ, হলের অব্যবস্থাপনা দূর করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগ দেওয়া।

পরে গত রোববার আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ তাকে উদ্ধার করে।

এরপর ওইদিন বিকালে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের প্রতিবাদ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ।

ধাওয়া-পাল্টার এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থী ও কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হন।

এরপর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে উল্টো উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে আর শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন।