ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার এলাকার রাস্তার পাশের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ।
নিহত আব্দুল মন্নাফ ওরফে মনির (৪৮) নান্দাইল পৌর শহরের কাকচর মহল্লার মৃত আজিম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মিজানুর বলেন, মনির মঙ্গলবার বিকালে ভাড়া নিয়ে উপজেলার মধুপুরের বালিপাড়ার দিকে গিয়ে নিখোঁজ হন। রাতে তিনি বাড়ি ফিরেননি।
ওসি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে কেউ মনিরকে হত্যার পর ইজিবাইকটি নিয়ে গেছে। অটোরিকশাটি এখনও হদিশ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।”
