বছরে ২০ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি: বারি মহাপরিচালক
দেশে ভোজ্যতেল উৎপাদন কম হওয়ায় বছরে ২০ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয় বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
তিনি বলেন, দেশে ভোজ্যতেলের আবাদি জমির পরিমাণ খুবই কম। বিভিন্ন কারণে প্রতিবছর এই জমির পরিমাণ আরও কমে যাচ্ছে।
“চাহিদার তুলনায় দেশে ভোজ্যতেল উৎপাদনের পরিমাণও অনেক কম। তাই প্রতিবছর ২০-২২ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয়।”
রোববার সকালে ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রে গবেষণা কার্যক্রমের ওপর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাওর, লবণাক্ত এলাকা ও চর এলাকায় তেল, ডাল ও সবজি ফসলের চাষাবাদ বাড়ানোর তাগিদ দেন মহাপরিচালক।
তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আব্দুল লতিফ আকন্দ, ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. অপূর্ব কান্তি চৌধুরী, সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. রীনা রানী সাহা, সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সহিদুজ্জামান উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
