‘ইঞ্জিনিয়ারিং’ না হলে লক্ষাধিক ভোটে জিতব: তৈমুর
কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ না হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পাওয়ার আশা করছেন মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার।
রোববার বিকেল ৪টার পর পরই সানারপাড়ে গ্রেপ্তার নিজের এক সমর্থকের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে গণমাধ্যম কর্মীদের এই প্রতিক্রিয়া তুলে ধরেন স্বতন্ত্র এই প্রার্থী।
ভোট কেমন হয়েছে, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী- জানতে চাইলে তৈমুর বলেন, “বাইরে ভোট সুষ্ঠু হয়েছে, ভাল হয়েছে। অনেক জায়গায় ইভিএম ত্রুটিপূর্ণ ছিল, মেশিন অকেজো অবস্থায় ছিল, মানুষ ভোট দিতে পারেনি। এসব ব্যাপারে পরে বিস্তারিত বলব।”
”তারপরও যদি প্রশাসন ও নির্বাচন কমিশন যদি দৃশ্যমান কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে তাহলে অবশ্যই আমি লক্ষাধিক ভোটের ব্যবধানের জিতব। জনগণ সচেতন, জনতার রায় হবে।”
এ সময় হাতি মার্কার প্রার্থী আরও যোগ করেন, “ফলাফল যাই আসুক, আমি মেনে নেব।”
এ সময় তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, দুপুরে তার সমর্থক ও যুবদল নেতা আবু তাহেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি তার পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলেন।
তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি, ধরপাকড় করা হচ্ছে। এর মধ্যেই তাকে নির্বাচন করতে হয়েছে। তার সমর্থকরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। তাদের ব্যাজ খুলে নেওয়া হয়েছে। তাদেরকে তল্লাশির নামে হয়রানি করা হয়েছে।
রোববার সকাল ৮টায় এ সিটির ১৯২ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম পুরো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ইভিএমে ভোট হল।
