গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জে চাঞ্চল্যকর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, রোববার সকালে শহরের ফরিককান্দি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে মিন্টু মিনা ওরফে কোটন মিনার লাশ উদ্ধার করেন তারা।
ফকিরকন্দি এলাকার আক্তার মিনার ছেলে ৪৮ বছর বয়সী মিন্টু মোটর পার্টের ব্যবসা করতেন। শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের ‘মিনা মোটরর্স’ নামের একটি দোকান চালাতেন তিনি।
ওসি বলেন, শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে থেকে বাড়ির দিকে যান মিন্টু। ঘরে ঢোকার আগেই মেবাইলে একটি ফোন পেয়ে আবার তিনি বের হয়ে যান। এরপর পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি।”
এরপর রাত ১২টার দিকে পরিবারের লোকজন তার মোবাইল ফোনটি বন্ধ পান। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে স্থানীয়রা তার পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “নিহতের শরীরের বাম পাঁজরে কোপের ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার মুখ মাফলার দিয়ে বাঁধা ছিল।
“আগামী ২৪ জানুয়ারি চাঞ্চল্যকর বাসু হত্যা মমলায় মিন্টুর স্বাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল।এই কারণে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।”
লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুকে ২০১৬ সালে ফেবুয়ারিতে হত্যা করা হয়। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ১২ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়।
