কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কক্সবাজার শহরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, শহরের বাইপাস সড়কের কলাতলী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ছৈয়দ আশু (৩৬) কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়ার বাসিন্দা সেনায়েত আলী মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক বলেন, “কলাতলী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় বাস টার্মিনালমুখী মোটর সাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী ছৈয়দ আশু আহত হয়।
"পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
